Suruchi Sangha
Bengal Liberty
দুর্গাপুজোর আর মাত্র তিন মাস বাকি (Suruchi Sangha)। তার আগেই দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো কমিটি সুরুচি সংঘে বড়সড় রদবদল করা হল। নতুন কমিটিতে আর জায়গা পেলেন না দীর্ঘদিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাস। শুধু তাঁরাই নন, তাঁদের ঘনিষ্ঠদেরও নতুন কমিটিতে রাখা হয়নি বলে জানা গিয়েছে।

সুরুচি সংঘে নতুন কমিটি Suruchi Sangha
সুরুচি সংঘের নতুন সম্পাদক করা হয়েছে দমদম উত্তরের বিজেপি বিধায়ক তথা নিউ আলিপুরের বাসিন্দা সৌরভ শিকদারকে। এছাড়াও নতুন কমিটিতে জায়গা পেয়েছেন বিজেপির দক্ষিণ জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য-সহ একাধিক বিজেপি-ঘনিষ্ঠ বিশিষ্ট ব্যক্তি। দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণীয় দুর্গাপুজো হিসেবে সুরুচি সংঘের আলাদা পরিচিতি রয়েছে। দীর্ঘদিন ধরেই এই পুজোর সঙ্গে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। চড়া বাজেট, বিশাল আয়োজন এবং ভিভিআইপিদের উপস্থিতির কারণে সুরুচি সংঘের পুজো বরাবরই আলোচনায় থেকেছে।

পুজোয় এবার ‘নো ভিআইপি কালচার’
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর সৌরভ শিকদার বলেন, “নিউ আলিপুরের বাসিন্দা হিসেবে বলছি, এত বছর ধরে সুরুচি সংঘের পুজো মানেই ছিল সাধারণ মানুষের আতঙ্ক। তোলা আদায়, সিন্ডিকেটের সেটলমেন্ট, গাড়ি ও জমি দালালির কেন্দ্র হয়ে উঠেছিল এই ক্লাব। এলাকার মানুষের সিদ্ধান্তেই নতুন কমিটি গঠন করা হয়েছে।

এখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষেরও প্রতিনিধিত্ব রয়েছে।” আসন্ন দুর্গাপুজো প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী ১৬ জুলাই রথযাত্রার দিন সুরুচি সংঘের খুঁটি পুজো অনুষ্ঠিত হবে। তাঁর কথায়, “পুজোর ঐতিহ্য ও আয়োজন আগের মতোই থাকবে। তবে একটি বড় পরিবর্তন হবে – এবার আর এটি ভিআইপি কালচারের পুজো হবে না। সুরুচি সংঘের পুজো হবে প্রকৃত অর্থে সার্বজনীন, যেখানে এলাকার মানুষ নির্ভয়ে অংশগ্রহণ করতে পারবেন।”

নতুন কমিটি গঠনের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার একাংশের বাসিন্দারাও। তাঁদের দাবি, অতীতে পুজোকে কেন্দ্র করে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরিবেশে পুজো আয়োজনের লক্ষ্যেই নতুন কমিটি গঠন করা হয়েছে।

