CM Suvendu Adhikari
Bengal Liberty : কেন্দ্র-রাজ্য সমন্বয়ে গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে জোর। অরণ্য সপ্তাহের সূচনায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান (CM Suvendu Adhikari)। আবাস যোজনা, গ্রামীণ সড়ক, কর্মসংস্থান, কৃষি এবং দুর্যোগ মোকাবিলা-সহ একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর বাংলার জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় ১২৫ দিনের কাজ আরও ৫০ দিন বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপশি আবাস ও পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের আর্থিক সহায়তার কথা তুলে ধরেন তিনি। এমনকি, পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ফের সামনে এনেছেন শিবরাজ (CM Suvendu Adhikari)। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,”আমরা প্রতিশ্রুতি দিয়েছিলেন হাতে কাজ, মাথায় ছাদ, এবং পেটে ভাত নিশ্চিত করব”, এদিন সেই অনুযায়ী একগুচ্ছ ঘোষণা করেন তিনি।

বাংলার জন্য একাধিক প্রকল্পে কেন্দ্রের আশ্বাস (CM Suvendu Adhikari)
নবান্নে বৈঠকের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, প্রাকৃতিক দুর্যোগ বা এল নিনোর মতো বিশেষ পরিস্থিতিতে শ্রমিকদের স্বার্থে ১২৫ দিনের কাজ প্রয়োজনে আরও ৫০ দিন বাড়ানো হতে পারে। তাঁর বক্তব্য, “পশ্চিমবঙ্গের উন্নয়ন ছাড়া বিকশিত ভারত সম্ভব না।” তিনি জানান, আবাস যোজনা, গ্রামীণ সড়ক, কৃষি ও গ্রামীণ উন্নয়ন-সহ একাধিক প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলার উন্নয়নে কেন্দ্রের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করে জানান, “নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে একাধিক প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সবটাই ইতিবাচক।” তাঁর দাবি, দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প চালু হবে। এছাড়াও প্রায় ২ কোটি ৫৬ লক্ষ জব কার্ডধারী ১২৫ দিনের কাজের আওতায় আসবেন।

তৃণমূল আমলের দুর্নীতির অভিযোগ (CM Suvendu Adhikari)
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্র আগেও টাকা দিয়েছে, কিন্তু রাজ্যের নেতাদের দুর্নীতির কারণে সাধারণ মানুষ বঞ্চিতই থেকেছেন।” শিবরাজ সিং চৌহান দাবি করেন, গত মার্চ পর্যন্ত জাতীয় সড়ক, রেল, মেট্রো-সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে পশ্চিমবঙ্গে ৮২ হাজার ৪৯২ কোটি টাকার কাজ শুরু করেছে কেন্দ্র। তাঁর অভিযোগ, সেই উন্নয়নের গতি ব্যাহত হয়েছে দুর্নীতির কারণে। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আবাস যোজনায় ১ লক্ষ বাড়ি নির্মাণের জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ করেছে এবং উপভোক্তাদের যাচাইয়ের সময়সীমা ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া গ্রাম সড়ক যোজনার জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও তিনি জানান। কেন্দ্র-রাজ্যের এই বৈঠকের পর গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান, আবাসন ও কৃষি খাতে নতুন গতি আসবে বলেই আশা প্রকাশ করেছে দুই পক্ষ।

আরও পড়ুন :
21 July : ২১ জুলাইয়ের সভার প্রস্তুতিতে দ্বিতীয় স্থানে কংগ্রেস! কী করবেন মমতা?

