Sonam Wangchuk
Bengal Liberty : সোনম ওয়াংচুককে নিয়েই তৈরি হয়েছিল সুপার ডুপার হিট সিনেমা ‘থ্রি ইডিয়টস’ (Sonam Wangchuk)। বিজ্ঞানী ফুংসুক ওয়াংডুর চরিত্রে অভিনয় করে ক্রমেই জনপ্রিয় হয়েছিলেন ‘র্যাঞ্চো’ অর্থাৎ আমির খান। তবে এই মুহূর্তে লাদাখের মানুষ ও পরিবেশ রক্ষার দাবিতে টানা ১৭ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশন করছেন সোনম ওয়াংচুক। ইতিমধ্যেই তাঁর ওজন কমেছে প্রায় ৮ কেজি। শারীরিক অবস্থার অবনতির খবরে উদ্বেগ ছড়িয়েছে দেশজুড়ে। সোনমের আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন সমাজের নানা স্তরের মানুষ। রাজনৈতিক মহল থেকে বুদ্ধিজীবীদের একাংশও তাঁর পাশে দাঁড়িয়েছেন। উষ্মা প্রকাশ করেছেন সিনেমার ‘চতুর’ অর্থাৎ ওমি বৈদ্য। বর্ষীয়ান অভিনেত্রী জীনত অমান, অভিনেতা নসীরুদ্দীন শাহ, লেখিকা অরুন্ধতী রায়, অভিনেত্রী রত্না পাঠক-সহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর খোঁজ নিয়েছেন। কিন্তু যাঁর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন আমির খান, তাঁর এহেন পরিস্থিতিতে সামান্য খোঁজ নিতেও দেখা গেল না অভিনেতাকে। অস্বাভাবিক রকম চুপ আমির খান (Sonam Wangchuk)।

উষ্মা প্রকাশ ওমির (Sonam Wangchuk)
ককরোচ জনতা পার্টির দাবি, অনশন শুরু হওয়ার পর সোনম ওয়াংচুকের ওজন প্রায় আট কেজি কমেছে। রক্তে শর্করার মাত্রাও অনেকটাই নেমে গিয়েছে। দ্রুত অবনতি হচ্ছে তাঁর শারীরিক অবস্থার। তবুও নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। এই প্রসঙ্গে ওমি বলেন, “আমি আপনাদের অনুরোধ করব ওঁর সম্পর্কে জানুন এবং তিনি কী করছেন সেটা ভালো করে দেখুন। বহুদিন ধরে অনশন করছেন। রক্তে শর্করার মাত্রাও অনেকটাই নেমে গিয়েছে। এই বিষয়ে কতটা আলোকপাত করা হচ্ছে জানি না তবে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ।”

ভিডিও বার্তায় সোনমের আন্দোলনের কারণও ব্যাখ্যা করেন ওমি বৈদ্য। তিনি জানান, শিক্ষা ব্যবস্থা, লাদাখের স্বায়ত্তশাসন এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে সোনমের গুরুতর উদ্বেগ রয়েছে। শেষে সোনমের পাশে দাঁড়িয়ে ওমি বলেন, “ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাঁর কিছু গুরুতর উদ্বেগ রয়েছে। লাদাখের স্বায়ত্তশাসন এবং পরিবেশ সংরক্ষণ নিয়েও অসন্তুষ্ট। আপনি ওঁর সঙ্গে সহমত না হলেও আমি চাই না উনি মারা যাক। ওঁর মতো একজন অনুপ্রেরণাদায়ক মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকুক সেটাই কাম্য।”


