Bengal Liberty
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মন্তব্যের জেরে সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল বামফ্রন্ট। রাজ্য বামফ্রন্ট সভাপতি বিমান বসু জানিয়েছেন, স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা এবং ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ও তাঁর প্রতিষ্ঠিত দল সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত অশোভনীয়। অনন্ত মহারাজের বক্তব্য রাজ্যের দেশপ্রেমিক মানুষের মনে আঘাত করেছে (Netaji)। আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে শ্রমিক, কৃষক, খেতমজুর, বস্তিবাসী-সহ বিভিন্ন সংগঠনের ডাকা ‘জেল ভরো’ আন্দোলন অনুষ্ঠিত হবে।

বিমান বসুর দাবি, অনন্ত মহারাজের ওই মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে, রানিগঞ্জের পাঞ্জাবি মোড়ে রাহুল সাংকৃত্যায়নের মূর্তি ভাঙা এবং কলকাতায় ছাত্র সংগঠনগুলির প্রতিবাদ কর্মসূচির পাল্টা কর্মসূচিতে লাল পতাকা ও কবি সুকান্ত ভট্টাচার্যের ছবিকে অবমাননার ঘটনাতেও তীব্র নিন্দা জানিয়েছে বামফ্রন্ট। দলের অভিযোগ, এই ঘটনাগুলির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। অথচ পুলিশ প্রশাসন এখনও কার্যকর কোনও ব্যবস্থা নেয়নি। বিমান বসুর দাবি, সঠিক তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।

পাশাপাশি, আগামী ১০ আগস্ট শ্রমিক, কৃষক, খেতমজুর, বস্তিবাসী-সহ বিভিন্ন সংগঠনের ডাকা ‘জেল ভরো’ আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়েছে রাজ্য বামফ্রন্ট। শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবিকে সামনে রেখে ওই কর্মসূচি পালিত হবে।


