Suvendu Adhikari
Suvendu Adhikari

‘আবার লাবণী ভক্তার বাড়িতে দাওয়ায় বসে খাব’, মানিকপাড়ার স্মৃতি উস্কে ঝাড়গ্রামে বললেন শুভেন্দু

Bengal Liberty : বিরোধী দলনেতা থাকাকালীন চলতি বছরের ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তির দিনে ঝাড়গ্রামের মানিকপাড়ার কালাঝরিয়া গ্রামের বাসিন্দা বিজেপির পঞ্চায়েত সদস্য লাবণী ভক্তার বাড়ির দাওয়ায় বসে মধ্যাহ্নভোজ করেছিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার সেই লোধা শবর অধ্যুষিত কালাঝরিয়া গ্রামের মাঠে প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দিয়ে সেই স্মৃতিই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ডিএম, এসপিকে বলব, ওই পঞ্চায়েত সদস্যের সঙ্গে দেখা করিয়ে দিতে। আবার একদিন ওঁর বাড়িতে যাব। দুপুরে দাওয়ায় বসে খাবার খাব।”

এ দিন লোধা শবর জনজাতির (পিভিটিজি) মানুষের হাতে পুষ্টিকর খাদ্যসামগ্রী ও বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ভূমিহীনদের হাতে বনভূমির পাট্টাও তুলে দেওয়া হয়। লোধা শবর সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। শুভেন্দু বলেন, “আমি কখনও বিধায়ক, সাংসদ, মন্ত্রী কিংবা বিরোধী দলনেতা হয়ে আপনাদের কাছে এসেছি। আজ এসেছি মুখ্যমন্ত্রী হয়ে। এই পরিচয় বড় নয়, আপনাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আপনারাও আমাকে কুটুম বলেন।”

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ৭৫ হাজারেরও বেশি মানুষ বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠী বা পিভিটিজি প্রকল্পের সুবিধা পাবেন। এর মধ্যে ঝাড়গ্রামে ২৫ হাজার এবং পশ্চিম মেদিনীপুরে ৪৫ হাজার মানুষ রয়েছেন। সপ্তাহে একবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে পুষ্টিকর খাদ্যসামগ্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্ন সুরক্ষা যোজনার আওতায় এই পরিষেবা দেওয়া হবে বলে জানান তিনি। পড়াশোনার জন্য তফসিলি জনজাতির পড়ুয়াদের মাসে ৮০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। আইসিডিএস কেন্দ্র থেকে হাসপাতাল—সর্বত্র খাবারের গুণগত মান বাড়াতে বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

‘বিগত সরকারের জন্য বঞ্চিত হয়েছেন রাজ্যের মানুষ’

আগের সরকারের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, বিগত সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির সঙ্গে যুক্ত হয়নি। তার ফলে রাজ্যের মানুষ বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার ৮৮১টি প্রকল্প হাতে নিয়েছে বলেও দাবি করেন তিনি। ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

ঝাড়গ্রামে এসে ঝালমুড়ি খেয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাও উল্লেখ করেন শুভেন্দু। তিনি বলেন, “প্রধানমন্ত্রী যে গ্যারান্টি দিয়ে গিয়েছিলেন, ঝাড়গ্রামের চারটি বিধানসভা কেন্দ্রে তা পূরণ করার দায়িত্ব আমার এবং বিধায়কদের।”

অন্নপূর্ণা যোজনায় ঝাড়গ্রামে ২ লক্ষ ৮১ হাজার ৪২৭ জন আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে ২ লক্ষ ৭২ হাজার ৯০৩ জন টাকা পাচ্ছেন। বাকিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। জেলাশাসককে নির্দেশ দিয়ে তিনি বলেন, নভেম্বরের মধ্যে যাতে বাকিরাও এই সুবিধা পান, সে জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যাগুলি খতিয়ে দেখতে হবে।

Suvendu Adhikari
Suvendu Adhikari

সোলার প্ল্যান্টের সুবিধা দিতে বিধায়ক ও দলীয় সভাপতিকে গ্রামে গ্রামে ঘোরার নির্দেশও দেন তিনি। এখনও পর্যন্ত ২,৮২০ জন আবেদন করেছেন, অথচ মাত্র ৯৮ জনের বাড়িতে কাজ হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

ঝাড়গ্রামে ৬৫ হাজার ১৪০টি বাড়ি তৈরি করা হবে বলেও ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, আগে এই প্রকল্পের নাম ছিল ‘বাংলার বাড়ি’। নাম পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’ করা হয়েছে।

মাওবাদী আন্দোলনের প্রসঙ্গ তুলে আক্রমণ

মাওবাদী আন্দোলনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “একটা সময় জনসাধারণের কমিটি কী অত্যাচার করেছে! মাওবাদীর তকমা লাগিয়ে অত্যাচার করা হয়েছে।” ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত লাগাতার আন্দোলন করার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১২ সালে বিরহারিতে মিছিল করার পর মাওবাদীরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল। তাঁর অভিযোগ, একদিকে সিপিএমের হার্মাদ, অন্যদিকে মাওবাদীরা—দু’পক্ষের বিরুদ্ধেই আন্দোলন করে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হয়েছিল। মাওবাদীরা ভোট বয়কটের ডাক দিয়েছিল বলেও দাবি করেন তিনি।

ঝাড়গ্রামের বিশেষ উন্নয়নের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরে ১২১ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান শুভেন্দু। জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ছ’মাসের মধ্যে জেলার আমূল পরিবর্তন চান। “ভাষণে নয়, কাজে বদলাতে হবে,” বলেন মুখ্যমন্ত্রী। ছায়ম স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে মেশিন বসানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি মেডিক্যাল কলেজ থেকে রোগীদের অন্যত্র রেফার করার প্রবণতা বন্ধ করার বিষয়টিও খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

লোধা সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, তাঁদের সিভিল কোড থেকে বাদ রাখা হয়েছে। তিনি আরও বলেন, “আমি আপনাদের কুটুম। উন্নয়নের সঙ্গে আপনাদের সম্পৃক্ত করব।”

আগামী ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে সকালে উত্তরবঙ্গে এবং বিকেলে ঝাড়গ্রামের শিলদায় উপস্থিত থাকবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া, ১২ নভেম্বর বাঁকুড়ায় বাদনা পরবে যোগ দেবেন বলে জানান তিনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।