Bengal Liberty : কলকাতা মেডিক্যাল কলেজে (এমসিকে) নবাগত পড়ুয়াদের সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক। অভিযোগ, ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন (এনএমও)-এর রাষ্ট্রবাদী ছাত্রছাত্রীরা নবাগতদের হাতে কিছু উপহার তুলে দেওয়ার সময় সেখানে উপস্থিত হন মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এমসিডিএসএ)-এর কলেজ ইউনিটের আহ্বায়ক সৌম্যদীপ দে এবং তাঁর কয়েক জন সঙ্গী। অভিযোগ, তাঁরা ওই পড়ুয়াদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং আঙুল তুলে হুমকি দেন।
অভিযোগ, কথোপকথনের সময় পড়ুয়াদের মা-বাবাকে উল্লেখ করেও কটূক্তি করা হয়। এমনকি, অশ্লীল ভাষা ব্যবহার করে জুনিয়রদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কলেজের পরিবেশ এবং নবাগতদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিযোগ, গণতান্ত্রিক পরিবেশের অভাব রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। সংবর্ধনা দেওয়ার মতো একটি বিষয়কে কেন্দ্র করে কেন জুনিয়র পড়ুয়াদের এ ভাবে হেনস্থার মুখে পড়তে হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকদের একাংশ।
আরও খবর
এক অভিভাবকের কথায়, “সংবর্ধনা দেওয়া তো খারাপ কিছু নয়। তার জন্য যদি কাউকে এ ভাবে হুমকি দেওয়া হয়, তা হলে সেটা অত্যন্ত দুঃখজনক।” তাঁর মতে, কলেজে পড়াশোনার পাশাপাশি নবাগতদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
কলেজের এক প্রবীণ চিকিৎসকের বক্তব্য, “এ ধরনের ভাষা কোনও মেডিক্যাল পড়ুয়া বা সভ্য সমাজের মানুষের হতে পারে না। কলেজের ছাত্র সংসদ যদি এ ভাবে হুমকি দেয়, তা হলে কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং র্যাগিংমুক্ত, সুস্থ ক্যাম্পাস গড়ে তোলা।”
ঘটনাটি ঘিরে অভিভাবকদের একাংশের মধ্যে র্যাগিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এবং অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।


