Newtown Fire
Newtown Fire

নিউটাউনের বস্তিতে ভয়াবহ আগুন! পুড়ে ছাই ২৫টিরও বেশি বাড়ি

Bengal Liberty : ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহরে। শুক্রবার সন্ধ্যায় নিউটাউনের সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকার একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। সূত্রের খবর, আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ২৫টিরও বেশি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান দমকলকর্মী ও স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় আচমকাই বস্তি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। একের পর এক বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়াও। তাঁর অভিযোগ, মাঠপাড়া এলাকায় অপরিকল্পিতভাবে বস্তি গড়ে ওঠার বিষয়টি নিয়ে তিনি আগেই পুলিশকে সতর্ক করেছিলেন। বহুতল আবাসনের পাশে অত্যন্ত ঘিঞ্জি এলাকায় ঘরবাড়ি তৈরি হওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁর।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। তাঁদের জরুরি পরিষেবা ও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়ার জন্যও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।