Bengal Liberty : দুর্গাপুজোতে কোনও ব্যাঘাত ঘটাতে পারেনি বৃষ্টি। কিন্তু পুজোর আবহ শেষ হতে না হতেই নতুন করে প্রকৃতির চোখরাঙানি। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশই শক্তি বাড়াচ্ছে। সোমবার, ২৬ অক্টোবরের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘অর্ণব’। বাংলাদেশের দেওয়া এই নামের অর্থ হল সমুদ্র।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের প্রভাবে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া ও ঝাড়গ্রামেও ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। ২৭ অক্টোবর থেকে বাংলার উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সমুদ্র উপকূলে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি। তবে কলকাতায় আপাতত মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
শক্তি বাড়িয়ে কবে, কোথায় আছড়ে পড়তে পারে ‘অর্ণব’
আবহাওয়া দফতরের মনে করছে, ২৪ অক্টোবর নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ২৫ অক্টোবর সেটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ২৬ অক্টোবর সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যেতে পারে। তবে কোথায়, কখন স্থলভাগে আছড়ে পড়তে পারে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।


