Bengal Liberty : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে ‘ভোট চুরি’র অভিযোগে ফের বড়সড় প্রতিবাদ কর্মসূচির পথে ইন্ডি জোট। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে মেগা সমাবেশের ডাক দিয়েছে বিরোধী জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও এই কর্মসূচির অন্যতম প্রধান বিষয় বলে জানানো হয়েছে। সমাবেশ সফল করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জোটের শরিক দলগুলি।
সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই শনিবার ইন্দিরা ভবনে বিভিন্ন শাখা সংগঠন ও বিভাগের চেয়ারপার্সন এবং দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। পরে নিজের এক্স হ্যান্ডেলে বৈঠকের ছবি পোস্ট করে তিনি লেখেন, “১ নভেম্বরের সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে ধারাবাহিক বৈঠক চলছে।”
SIR-এর মাধ্যমে ভোটার তালিকায় অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এই ইস্যুতে আগেও একাধিক প্রতিবাদ কর্মসূচি ও আন্দোলনে সামিল হয়েছে ইন্ডি জোট। এবার দিল্লির রামলীলা ময়দান থেকে বৃহত্তর প্রতিবাদের বার্তা দিতে চাইছে লোকসভার বিরোধী শিবির।
আরও খবর
প্রস্তাবিত এই সমাবেশে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ জোটের শীর্ষ নেতৃত্বের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন শরিক দলের প্রতিনিধি, ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই কর্মসূচিতে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। এই মেগা সমাবেশের মাধ্যমে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করা সম্ভব হবে বলে দাবি ইন্ডি জোটের।
নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের অভিযোগকে সামনে রেখেই ১ নভেম্বরের এই সমাবেশকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে চাইছে ইন্ডি জোট।


