Bengal Liberty : পারিবারিক বিবাদকে কেন্দ্র করে তিন ভাইয়ের মধ্যে প্রথমে বচসা, তার পর হাতাহাতি। আর সেই অশান্তির জেরেই মৃত্যু হল এক ভাইয়ের। ভূত চতুর্দশীর রাতে এমনই মর্মান্তিক ঘটনা ঘটল কোচবিহারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নৃপেন বাদ্যকর। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনায় জিতেন ও গেন্দা বাদ্যকর-সহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গিয়েছে, কোচবিহার জেলার দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বাদ্যকর পরিবার। পরিবারের তিন ভাই হলেন জিতেন বাদ্যকর, নৃপেন বাদ্যকর এবং গেন্দা বাদ্যকর। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে নৃপেনের সঙ্গে তাঁর দুই ভাই গেন্দা ও জিতেনের অশান্তি শুরু হয়। প্রথমে তিন ভাইয়ের মধ্যে বচসা চললেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে পুলিশের দাবি। একপর্যায়ে তা হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ, সেই সময় দুই ভাই মিলে নৃপেনের মাথায় আঘাত করেন। আঘাতের জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর নৃপেনকে ওই অবস্থায় বাড়িতে ফেলে রেখেই সেখান থেকে চলে যান অভিযুক্ত দুই ভাই।
বেশ কিছুক্ষণ পর পরিবারের অন্য সদস্যরা ঘরের মধ্যে নৃপেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দেওয়ানহাট প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেওয়ানহাট পুলিশ ক্যাম্পের পুলিশ। পরে কোতোয়ালি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
আরও খবর
এই ঘটনায় ইতিমধ্যেই জিতেন ও গেন্দা বাদ্যকর-সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে তিন ভাইয়ের মধ্যে অশান্তির সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ভূত চতুর্দশীর রাতে একই পরিবারের তিন ভাইয়ের বিবাদের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেওয়ানহাট এলাকায়।


