Jeetu and Shirin in ‘Chirodini Tumi Je Amar’
Bengal Liberty Desk, ২০ ডিসেম্বর, কলকাতা: বাংলা টেলিভিশনে যখন হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা, পুরনো মেগার গল্পে একের পর এক নতুন টুইস্ট আর সময় পরিবর্তনের ভিড়, তখন কিছুটা হতাশই হয়েছিলেন দর্শকরা। তবে নতুন অপর্ণা আসার পর ফের চাঙ্গা হয়ে উঠেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের গল্প।
দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) জায়গায় শিরিন পালকে (Shirin Paul) প্রথমে নিয়ে কিছু মতভেদ থাকলেও, ধীরে ধীরে তাঁকে আপন করে নিয়েছেন দর্শক (Jeetu and Shirin in ‘Chirodini Tumi Je Amar’)।
আর্য-অপর্ণার মাখোমাখো প্রেম ও রোম্যান্স ইতিমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে। এরই মধ্যে ধারাবাহিকের বর্তমান ট্র্যাকে শুরু হয়েছে ধুমধাম করে আর্য-অপর্ণার বিয়ের পর্ব।
প্রোমো ও ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) উচ্ছ্বাসে ভাসছেন মেগার ভক্তরা। গল্প অনুযায়ী, বিরাট আয়োজন করে অপর্ণাকে বিয়ের প্রস্তাব দেয় আর্য এবং তাতে রাজিও হয় অপর্ণা। যদিও আর্যর অতীত জানতে পেরে প্রথমে আপত্তি তোলে অপর্ণার বাবা-মা। পরে অপর্ণা জানায়, সে সবকিছু জেনেই এই সম্পর্ককে গ্রহণ করেছে। মেয়ের দৃঢ়তায় কিছুটা নিশ্চিন্ত হন তারাও।

আইবুড়োভাত, গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত—সব রীতিনীতি মেনেই হচ্ছে এই বিয়ের আয়োজন। সাবেকি লুকে লাল রঙের মিলন্তি সাজে বর-কনের বেশে ধরা দিয়েছেন আর্য-অপর্ণা। রিল না রিয়েল দেখে বোঝা দায় বলেই মত দর্শকদের।
বিয়ের পর্বের ঝলক সামনে আসতেই অনেকে লিখছেন, “এই দিনেরই অপেক্ষায় ছিলাম।” যদিও একইসঙ্গে কিছু নেটিজেনের মন্তব্যে উঠে এসেছে পুরনো বিতর্কের প্রসঙ্গও।
সোশ্যাল মিডিয়ার চর্চিত ধারাবাহিক (Jeetu and Shirin in ‘Chirodini Tumi Je Amar’)
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই নানা কারণে শিরোনামে ছিল এই ধারাবাহিক। গল্প বা টিআরপি নয়, নায়ক-নায়িকার দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর একাধিকবার আলোচনায় আসে ‘চিরদিনই তুমি যে আমার’। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ফেডারেশনের সঙ্গে বৈঠক পর্যন্ত গড়ায় বিষয়টি। শেষমেশ ধারাবাহিক ছাড়েন দিতিপ্রিয়া রায় এবং নতুন অপর্ণা হিসেবে যোগ দেন শিরিন পাল।
বর্তমানে জিতু কমলের (Jeetu Kamal) বিপরীতে শিরিন পালকে নিয়ে নতুন ছন্দে এগোচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’। আর টানটান বিয়ের পর্বের শেষে গল্প কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।
