Herbal Detox Tea
Bengal Liberty: বর্তমানে জনপ্রিয় হার্বাল ডিটক্স চা। বাজারের হিসেব বলছে,কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে এই চায়ের মাধ্যমে। ডিটক্স চায়ের উপকারিতা হল শরীর পরিশোধন, দ্রুত সুস্থতা, নতুন এনার্জি। তাই বাজার জুড়ে এই চায়ের প্রচারে ছেয়ে গিয়েছে। তবে প্রচারের আড়ালে লুকিয়ে নেই তো কোনও বড় বিপদ (Herbal Detox Tea)? বিশেষত লিভার-সমস্যায় আক্রান্তদের জন্য?
বিশেষজ্ঞদের মতে, হার্বাল ডিটক্স চায়ের কিছু উপাদান অতিরিক্ত গ্রহণ করলে লিভারের ওপর সরাসরি চাপ সৃষ্টি করতে পারে। যেমন—গ্রিন টি এক্সট্র্যাক্ট(Green Tea Extract) উচ্চ মাত্রায় লিভার এনজাইম (Liver Enzymes) বাড়াতে পরিচিত, অশ্বগন্ধা অতিমাত্রায় গ্রহণ করলে লিভারে প্রদাহ সৃষ্টি হতে পারে। ওজন কমাতে ব্যবহৃত সেন্না একটি প্রাকৃতিক ল্যাক্সেটিভ(Natural Laxative), তবে নিয়মিত ব্যবহারে ডিহাইড্রেশন(Dehydration) ও লিভারের ওপর বাড়তি চাপ তৈরি হয়। অ্যালোভেরা কনসেন্ট্রেট ও কাওয়া (Kava)-র মতো উপাদান মানসিক চাপ কমাতে সাহায্য করলেও অতিরিক্ত গ্রহণ লিভার টক্সিসিটি(Liver Toxicity) বাড়াতে পারে। এমনকি ক্যামোমাইলও অধিক মাত্রায় অ্যালার্জি রিঅ্যাকশন ও লিভার এনজাইমের অস্বাভাবিক বৃদ্ধি ঘটাতে পারে। বিভিন্ন গবেষণা ও কেস স্টাডিতে দেখা গেছে, ওজন কমানোর নামে নিয়মিত এসব হার্বাল চা গ্রহণের ফলে অনেকের জন্ডিস, লিভার ইনফ্লেমেশন, এমনকি অ্যাকিউট লিভার ফেলিওরও (Acute Liver Failure)হয়েছে।
কেন ডিটক্স চা বিপজ্জনক হতে পারে?
লেবেলে উল্লেখ না থাকা উপাদান
অনেক ডিটক্স চা অনিয়ন্ত্রিতভাবে তৈরি হয়। লেবেলে নাম থাকলেও পরিমাণ ও গুণমান নিশ্চিত হয় না।
ভারী ধাতুর উপস্থিতি
নিয়মিত ল্যাব টেস্ট না হওয়ায় সীসা, আর্সেনিকের মতো ভারী ধাতু থাকার সম্ভাবনা থাকে।
চা নয়, সাপ্লিমেন্টের মতো কাজ করে
চায়ে ব্যবহৃত এক্সট্র্যাক্ট অনেকসময় কনসেন্ট্রেটেড অর্থাৎ মাত্রা বেশি হয়। যা লিভারের জন্য ক্ষতিকর।
ডাক্তারদের মতে, কিছু নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের হার্বাল ডিটক্স চা থেকে বিশেষভাবে দূরে থাকা উচিত। যেমন—ফ্যাটি লিভার থাকলে অতিরিক্ত সক্রিয় ভেষজ উপাদান লিভারে চাপ বাড়ায়, সিরোসিস রোগীদের ক্ষেত্রে লিভারের কোষ দুর্বল হওয়ায় ঝুঁকি আরও বেশি। হেপাটাইটিস A/B/C আক্রান্ত ব্যক্তিদের লিভার আগে থেকেই সংক্রমণে ক্ষতিগ্রস্ত থাকে, ফলে ডিটক্স চা টক্সিসিটি আরও বাড়াতে পারে। এছাড়া অ্যালকোহলিক লিভার ডিজিজ (Alcoholic Liver Disease) বা যারা নিয়মিত অ্যান্টিবায়োটিক(Antibiotic), স্টেরয়েড বা পেইনকিলার সেবন করেন, তাদের লিভার অতিরিক্ত কাজ করে তাই ভেষজ সাপ্লিমেন্ট আরও ক্ষতি ডেকে আনতে পারে।
এক্ষেত্রে বিকল্প হিসেবে চিকিৎসকরা সহজ ও প্রাকৃতিক লাইফস্টাইল পরিবর্তনের পরামর্শ দেন। শরীর থেকে টক্সিন দূর করতে আলাদা ডিটক্স প্রয়োজন হয় না, বরং নিয়মিত অভ্যাসই লিভারকে সুস্থ রাখে। পর্যাপ্ত পানি পান, ফল ও আঁশযুক্ত খাবার খাওয়া, ঝাল-তেল কমানো, প্রতিদিন হালকা ব্যায়াম, জুস নয় পুরো ফল খাওয়া এবং ওজন বা লিভার সমস্যা থাকলে বিশেষজ্ঞ ডায়েটিশিয়ান বা ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।
হার্বাল ডিটক্স চা ক্ষতিকর এমন নয়। কিন্তু ট্রেন্ড অনুসরণ করে অন্ধের মতো ব্যবহার করলে ঝুঁকি বাড়বেই। শরীর পরিষ্কার বা ওজন কমানোর শর্টকাট নেই। লিভার একবার ক্ষতিগ্রস্ত হলে ফিরে আসা কঠিন। তাই সচেতন হোন, ট্রেন্ড নয়, বিজ্ঞানকে বিশ্বাস করুন (Herbal Detox Tea)।

