Hok kolorob
Bengal Liberty, Kolkata:
সরস্বতী পুজোর আবহে ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘হোক কলরব’(Hok kolorob)। এবার মুক্তির পর ছবি ঘিরে বিতর্ক নতুন মোড় নিল। পরিচালক রাজ চক্রবর্তীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী।

আগেও বিতর্কের মুখে ছিল সিনেমাটি(Hok kolorob)
উল্লেখ্য, ছবির নাম ঘোষণার সময় থেকেই বিতর্ক শুরু হয়েছিল। সিনেমার মধ্যে একাধিক ছাত্র আন্দোলনের সময় ‘হোক কলরব’ স্লোগানটি বিশেষভাবে ব্যবহৃত হওয়ায়, ও যাদবপুরবিশ্ববিদ্যালয়কে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছিল কলেজের ছাত্রছাত্রীরা। তৃণমূল সাংসদ তথা পরিচালক রাজ চক্রবর্তীর ছবিতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি এইরকম কেন তুলে ধরা হয়েছে, তা নিয়েও তখন থেকেই আলোচনা চলছিল।
পরবর্তীতে ট্রেলার মুক্তি পাওয়ার পর বিতর্ক আরও তীব্র হয়। ট্রেলারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি সংলাপ ‘নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!’ নিয়ে আপত্তি ওঠে বিভিন্ন মহলে। তবে এইবার ঠিক অন্যরকম জটিলতায় পড়ল ছবিটি। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর সরাসরি আইনি পথে হাঁটলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র।
সমাজমাধ্যমে ওই প্রাক্তনী লেখেন, ছবির ট্রেলার ও টিজারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক কাজ যেমন পেট্রল বোমা নিক্ষেপ বা থানায় অগ্নিসংযোগ দেখানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। তাঁর দাবি, গত পাঁচ দশকের ইতিহাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন কখনও এমন সহিংস রূপ নেয়নি। শান্তিপূর্ণ আন্দোলন ও মিছিলই বরাবর এই বিশ্ববিদ্যালয়ের পরিচয়। নিজেকে একজন প্রাক্তনী হিসেবে উল্লেখ করে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় ব্যক্তিগতভাবে রাজ চক্রবর্তীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি জানানো হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) এবং অন্যান্য সংশ্লিষ্ট চলচ্চিত্র নিয়ন্ত্রক সংস্থাকেও।

কী রয়েছে সেই পোষ্টে?(Hok kolorob)
ওই পোস্টে আরও লেখা হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বহু ছাত্রছাত্রীর কাছে তা একমাত্র আশ্রয় ও স্বপ্নপূরণের জায়গা। কম খরচে উচ্চমানের শিক্ষার সুযোগ দিয়ে আজও দেশের সেরা রাজ্য-সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে যাদবপুর। এমন একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি বিকৃত করে দেখানো অনুচিত বলেই মত তাঁর।
তাঁর আবেদন, শিল্পীর স্বাধীনতা থাকুক কিন্তু তার আড়ালে যেন কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা প্রচার না করা হয়। একই সঙ্গে তিনি যাদবপুরের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের এই বিষয়ে প্রতিবাদে সরব হওয়ার আহ্বানও জানিয়েছেন।
সব মিলিয়ে, ‘হোক কলরব’ মুক্তির পর এই আইনি নোটিশ নতুন করে বিতর্কের মধ্যে আগুনে ঘি ঢালল বলেই মনে করছে টলিউড ইন্ডাস্ট্রি ।

