Humayun Kabir (ISF Candidate List)
Bengal Liberty Desk, ২২ মার্চ, কলকাতা: তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার সরাসরি নির্বাচনী ময়দানে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। আসন্ন বিধানসভা নির্বাচনে ‘আম জনতা উন্নয়ন পার্টি’র প্রতীকে লড়বেন এমন ১৮২ জন প্রার্থীর নাম আজ, রবিবার ঘোষণা করার কথা থাকলেও এদিন মুর্শিদাবাদের রেজিনগরে দলীয় পার্টি অফিস থেকে মাত্র ১৪৯ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর। প্রার্থীর নাম ঘোষণা করে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আসন্ন নির্বাচনে তিনি শাসকদল তৃণমূল এবং প্রধান বিরোধী বিজেপি— উভয় শিবিরের ভোটব্যাঙ্কেই থাবা বসাতে প্রস্তুত।
দুই কেন্দ্রে লড়বেন হুমায়ুন কবীর (Humayun Kabir)

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো হুমায়ুন কবীরও এবার দু’টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাঁর পুরনো দুর্গ ভরতপুর ছেড়ে এবার মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন। তাঁর দাবি, এই দুই কেন্দ্রেই সংখ্যালঘু ভোটব্যাঙ্কের জোরে তিনি জয়ী হবেন।
ভবানীপুর-নন্দীগ্রামে কারা লড়বেন (Humayun Kabir)?
সবথেকে বড় চমক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে এক অ-বাঙালি মুসলিম মহিলা প্রার্থী পুনম বেগম-কে দাঁড় করিয়েছেন হুমায়ুন। পুনম একজন সমাজকর্মী এবং তাঁর মাধ্যমে ওই এলাকার সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে সরিয়ে নেওয়াই হুমায়ুনের লক্ষ্য। নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শহিদুল হককে।
মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র ১০টি কেন্দ্রে নিজের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন হুমায়ুন। বাকি ১২টি কেন্দ্রে তিনি পরে প্রার্থীদের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য নাম (Humayun Kabir)

বেলডাঙা কেন্দ্রে লড়ছেন সৈয়দ আহমেদ কবীর, ভরতপুর কেন্দ্রে লড়বেন পীরজাদা খোবায়েব আমিন। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে হুমায়ুনের দলের প্রার্থী মনীষা পাঠক পাণ্ডে। হরিহরপাড়ায় মহম্মদ বিজয় শেখ, ভগবানগোলা কেন্দ্রে লড়ছেন অপর এক হুমায়ুন কবীর, রানিনগরে প্রার্থী হচ্ছেন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার।
রঘুনাথগঞ্জ, সামশেরগঞ্জ, বড়ঞা, খড়গ্রাম, জলঙ্গি, নবগ্রাম, কান্দি, সুতি, ডোমকল, লালগোলার মতো আসনগুলোতে হুমায়ুন প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেননি।
আগামী ২৫ মার্চ কলকাতা থেকে বাকি আসনে প্রার্থীর নাম ঘোষণা হবে জানানো হয়েছে। দলের নির্বাচনী ইস্তেহার আগামী ২৮ মার্চ প্রকাশিত হবে বলে জানিয়েছেন হুমায়ুন (Humayun Kabir)।
আরও পড়ুন-
Humayun Kabir Domkal: ডোমকলে ‘দুই হুমায়ুন’! ৪০ লক্ষ টাকার ডিলের অভিযোগে তুঙ্গে রাজনৈতিক লড়াই
Humayun Kabir Granted Y Plus Security: কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হুমায়ুন কবীর, পেলেন ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা
রাজনৈতিক তাৎপর্য (Humayun Kabir)-
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুর্শিদাবাদ ও মালদহের মতো জেলাগুলোতে হুমায়ুন কবীরের এই সক্রিয়তা তৃণমূলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে। বিশেষ করে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে গেলে তার সরাসরি সুবিধা বিজেপি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
