Gouri Sankar Maheswari
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:
দিনহাটা পৌরসভার তথাকথিত জাল বিল্ডিং ও দুর্নীতি কাণ্ডে ফের বড় পদক্ষেপ করল পুলিশ। তৃণমূলের যুবনেত্রী মৌমিতা ভট্টাচার্যের গ্রেপ্তারের পর এবার দিনহাটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরীকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। সোমবার তাঁকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত অভিযুক্তকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

ফের তোলপাড় দিনহাটা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গৌরীশংকর মহেশ্বরীকে আটক করা হয়। সোমবার দুপুরে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। যদিও সময় এলে সমস্ত বিষয়ে মুখ খুলবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে দিনহাটা পৌরসভায় জাল বিল্ডিং অনুমোদন এবং আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। অভিযোগ ছিল, নিয়ম না মেনেই একাধিক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং তাতে বড়সড় দুর্নীতির যোগ রয়েছে। সেই সময় প্রাথমিক তদন্ত শুরু হলেও পরবর্তীতে বিষয়টি কার্যত ধামাচাপা পড়ে যায় বলে বিরোধীদের অভিযোগ। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের নতুন করে তদন্ত শুরু করে পুলিশ ও প্রশাসন।

জাল বিল্ডিং ও দুর্নীতি মামলা
তদন্তের সূত্র ধরেই প্রথমে তৃণমূলের যুবনেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়। এরপর তদন্তে উঠে আসে প্রাক্তন পৌরপতি গৌরীশংকর মহেশ্বরীর নাম। তিনি ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দিনহাটা পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন। তদন্তকারীদের দাবি, ওই সময়েই একাধিক অনিয়ম সংঘটিত হয়েছে।
এ বিষয়ে দিনহাটা সদর মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ জানান, “পৌরসভার দুর্নীতি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গৌরীশংকর মহেশ্বরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করা হয় এবং আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। তদন্ত চলছে, প্রয়োজন হলে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।”
