Weather update
Bengal Liberty, ১৮ মে :
তপ্ত গরমে কার্যত অস্থির অবস্থা গোটা বাংলায়। সকাল থেকেই চড়া রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল মানুষজন (Weather update)। মাঝে মাঝে ঝড়-বৃষ্টি হলেও মিলছে না স্বস্তি, উল্টে বাতাসে আর্দ্রতা বাড়ায় অস্বস্তি আরও বেড়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। মৌসুমী বায়ু ধীরে ধীরে সক্রিয় হওয়ায় আগামী কয়েকদিন আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিতও মিলছে (Weather update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)
তীব্র গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গ জুড়ে। বৃষ্টি ও দমকা হাওয়ার দেখা মিললেও তাতে মিলছে না স্বস্তি, বরং বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় অস্বস্তিকর গরম আরও বেশি অনুভূত হচ্ছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের আরও কিছু অংশে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গের গরম থেকে তেমন স্বস্তির সম্ভাবনা কম বলেই ইঙ্গিত আবহাওয়াবিদদের।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)
অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার আমেজ অনেকটাই স্পষ্ট। উত্তর-পূর্ব বিহারের উপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্প প্রবেশের জেরে পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।
