Weather update
Bengal Liberty, ২১ মে :
গরমে কার্যত পুড়ছে গোটা বাংলা। সকাল থেকেই চড়া রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ (Weather update)। প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোই যেন কঠিন হয়ে উঠেছে। তবে এই অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই কিছুটা স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। বুধবার বিকেলের ঝড়-বৃষ্টি যেমন কিছুটা স্বস্তি এনে দিয়েছিল, তেমনই বৃহস্পতিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কোথাও ঝড়-বৃষ্টি, কোথাও আবার তীব্র গরম, দুই বাংলার আবহাওয়ায় দেখা যাচ্ছে সম্পূর্ণ আলাদা ছবি (Weather update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
তবে সব জেলায় স্বস্তি মিলবে না। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দিনের বেলায় রোদের তেজও থাকবে যথেষ্ট বেশি।
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে পশ্চিম বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই আবহাওয়াগত পরিবর্তনের প্রভাবেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
এছাড়াও আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছু এলাকায় অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ধীরে ধীরে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হতে শুরু করেছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া অনেকটাই ভিন্ন। সেখানে বৃষ্টির দাপট আরও বেশি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়াও বইতে পারে। ফলে পাহাড়ি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা তুলনামূলকভাবে স্বাভাবিক থাকবে এবং গরমের অস্বস্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
