Weather Update
Bengal Liberty, ২২ মে :
গরমে হাঁসফাঁস করছে বাংলাবাসী। সকাল থেকে রোদের তেজ এতটাই বেশি যে রাস্তায় কয়েক মিনিট দাঁড়ালেই শরীর যেন জ্বলে যাচ্ছে (Weather Update)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় কার্যত নাজেহাল সাধারণ মানুষ। তবে এই অস্বস্তির মাঝেই কিছুটা স্বস্তির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। ফলে রাজ্যের আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলায় ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের দাপট এখনই কমছে না। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরমের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি ট্রাফ এবং উত্তর বাংলাদেশ ও উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবেই রাজ্যের আবহাওয়ায় ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে। এই কারণেই কোথাও তীব্র গরম, আবার কোথাও ঝড়-বৃষ্টি হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)
উত্তরবঙ্গেও আজ বৃষ্টির দাপট জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর মৌসম ভবন। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড় এবং ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলতে পারে। ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও বজ্রপাত ও ঝড়ের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
