Abhishek Banerjee
Bengal Liberty, ২৯ মে :
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দীর্ঘদিন অনেকটাই নীরব ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যে পালাবদলের পর সূত্রের খবর অনুযায়ী তৃণমূলেরই অন্দরে ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছিলেন অভিষেক। দলের একধিক বর্ষীয়ান নেতা ও কর্মীরাও প্রকাশ্যে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এমতাবস্থায় এবার অবশেষে ড্যামেজ কন্ট্রোলে ময়দানে নামছেন স্বয়ং অভিষেক।ভোট-পরবর্তী অশান্তি এবং দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগকে সামনে রেখে ফের সক্রিয় রাজনীতির ময়দানে নামতে চলেছেন তিনি। শনিবার থেকেই শুরু হচ্ছে তাঁর ভোট-পরবর্তী প্রথম রাজনৈতিক কর্মসূচি। প্রথমেই তিনি আক্রান্ত কর্মীদের পাশে থাকার আশ্বাস দিতে যাবেন। প্রথম দিনেই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ থেকে কলকাতার বেলেঘাটা একাধিক এলাকায় গিয়ে আহত ও ক্ষতিগ্রস্ত তৃণমূল কর্মীদের সঙ্গে সরাসরি দেখা করবেন অভিষেক(Abhishek Banerjee)।

আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়েই মাঠে ফিরছেন অভিষেক(Abhishek Banerjee)
সূত্রের খবর, ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গে সরাসরি দেখা করাই এই সফরের মূল উদ্দেশ্য। শনিবার প্রথমে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকায় পৌঁছে আক্রান্ত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁর কর্মসূচি রয়েছে কলকাতার বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে, যেখানে আক্রান্ত কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। রাজনৈতিকভাবে এই সফরের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ সম্প্রতি প্রকাশ্যে অভিষেকের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই বেলেঘাটাকেই প্রথম দফার কর্মসূচির অন্যতম কেন্দ্র হিসেবে বেছে নেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

কী বার্তা দিতে চলেছেন অভিষেক?(Abhishek Banerjee)
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ ও অস্থিরতা ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। দলের একাধিক প্রবীণ ও পরিচিত মুখ, যেমন কাকলি ঘোষ দস্তিদার এবং শান্তনু সেন, প্রকাশ্যেই নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, এতদিন ‘অভিষেক-ঘনিষ্ঠ’ বলে পরিচিত বহু নেতার অবস্থানেও এখন স্পষ্ট বেসুরো সুর শোনা যাচ্ছে। এর মধ্যেই ফলতা পুনর্নির্বাচনে তৃণমূলের হতাশাজনক ফলাফল ঘিরে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেল’-এর কার্যকারিতা নিয়ে। এই রাজনৈতিক চাপের আবহে মাঠে নেমে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, এখন সেদিকেই কৌতূহলী নজর রাজনৈতিক মহলের।


