Hariharpara Violence
Bengal Liberty, ২৯ মে :
রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নতুন স্বরুপপুর এলাকা। তৃণমূল কংগ্রেস এবং আম জনতা উন্নয়ন পার্টির কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে মহিলা-সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

রণক্ষেত্র এলাকা Hariharpara Violence
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে প্রথমে দু’পক্ষের কিছু কর্মীর মধ্যে বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সামান্য কথা কাটাকাটি থেকেই মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেই বিবাদ হাতাহাতি এবং ব্যাপক সংঘর্ষের আকার নেয়। অভিযোগ, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বাঁশ, লাঠি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে হামলার অভিযোগ তুলেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এলাকায় পুরনো রাজনৈতিক বিবাদের জের ধরেই এই ঘটনার সূত্রপাত। দলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, আচমকাই আম জনতা উন্নয়ন পার্টির কর্মী-সমর্থকেরা দল বেঁধে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় তাঁদের দুই মহিলা কর্মী-সহ মোট তিনজন আহত হয়েছেন বলে দাবি তৃণমূলের। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও হাতে চোট লেগেছে বলেও জানা গিয়েছে।
কাঠগড়ায় শাসকদল
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আম জনতা উন্নয়ন পার্টি। দলের পক্ষ থেকে পালটা দাবি করা হয়েছে, এলাকায় সংগঠন করার কারণেই দীর্ঘদিন ধরে তাঁদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার বিকেলেও তৃণমূলের কিছু কর্মী তাঁদের উদ্দেশ্যে কটূক্তি ও হুমকি দেয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করতেই তৃণমূল কর্মীরা তাঁদের ওপর চড়াও হয় বলে দাবি আম জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বের। সংঘর্ষে তাঁদের পক্ষেরও অন্তত দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যদিও সকলেই বর্তমানে স্থিতিশীল রয়েছেন।
রাজনৈতিক সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ নজরদারি চালাচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা পুলিশ সূত্রে স্পষ্ট করা হয়নি।ঘটনাকে কেন্দ্র করে নতুন স্বরুপপুর এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক চাপানউতোরের মাঝেই আতঙ্কে রয়েছেন সাধারণ বাসিন্দাদের একাংশ।

