Narendra Modi
Bengal Liberty ,29 মে ,কলকাতা:
রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলার ঝুলিতে এল এক ঐতিহাসিক প্রাপ্তি (Modi Yoga Day Celebration)। আগামী ২১ জুন ‘আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬’-এর মূল জাতীয় অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে খোদ তিলোত্তমায়। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার রেড রোডে আয়োজিত হবে এই মেগা ইভেন্ট।

খাজুরাহো থেকে ঐতিহাসিক ঘোষণা Modi Yoga Day Celebration
বুধবার মধ্যপ্রদেশের খাজুরাহোতে ‘যোগ মহোৎসব ২০২৬’-এর মঞ্চ থেকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী এ কীপ্রতাপরাও যাদব। আন্তর্জাতিক যোগ দিবসের ২৫ দিনের কাউন্টডাউন শুরু করে তিনি জানান, ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের পীঠস্থান কলকাতাই এবার দেশের প্রধান অনুষ্ঠানের আয়োজক। প্রধানমন্ত্রীর সঙ্গে এই কর্মসূচিতে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে।

‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’
প্রতি বছরের মতো এবারও যোগ দিবসের একটি বিশেষ ভাবনা বা থিম নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের থিম হলো— ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ও মনকে চাঙ্গা রাখতে যোগচর্চার কোনো বিকল্প নেই। গ্রাম থেকে শহর এবং স্কুল থেকে অফিস—সর্বত্র যোগকে পৌঁছে দেওয়াই কেন্দ্রের লক্ষ্য। এর পাশাপাশি সুষম খাদ্যাভ্যাসের জন্য ‘আয়ুষ আহার’ উদ্যোগের ওপর জোর দেওয়া হচ্ছে।
‘ভালো ফলের পুরস্কার’
কলকাতায় এই মেগা অনুষ্ঠান হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, রাজ্যে পালাবদলের পর মোদী সরকার বাংলাকে এক প্রকার ‘ভালো ফলের পুরস্কার’ দিচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে যোগবিশেষজ্ঞদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন, যেখানে তিনি এই ধরণের বড় অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছিলেন। ক্রীড়াভারতীর প্রদেশ সম্পাদক বিভাষ মজুমদারের কথায়, “আগে রাজনৈতিক পরিস্থিতির কারণে এটি সম্ভব হয়নি, এবার সেই সুযোগ এসেছে।”
অনুষ্ঠানটিকে আরও সহজলভ্য করতে ‘যোগ সঙ্গম’ ও ‘যোগ পার্ক’ নামক দুটি পোর্টালের নতুন সংস্করণ চালু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়া ‘যোগ ৩৬৫ অভিযান’-এর মাধ্যমে দেশজুড়ে ২ লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই যোগ প্রশিক্ষণের শংসাপত্র পেয়েছেন।

