parambrata chakrabarty
Bengal Liberty:
টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে (Parambrata Chakrabarty)। ২০২১ সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় দায়ের হওয়া এফআইআর ঘিরে শুরু হয়েছে নতুন আইনি লড়াই। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ এবং ১০৯ ধারায় মামলা রুজু হয়েছে। তবে অভিনেতার আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় আদালতে স্পষ্ট দাবি করেছেন, এই অভিযোগের “কোনও বাস্তব ভিত্তি নেই” এবং এত বছর পরে মামলা দায়ের হওয়ার যৌক্তিকতাও প্রশ্নের মুখে।

উস্কানিমূলক মন্তব্য
আইনজীবীর বক্তব্য, ২০২১ সালের ২ মে ভোটের ফল ঘোষণার পর পরমব্রত একটি ব্যক্তিগত মতামত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। সেই পোস্টের জেরে গত ২১ মে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ওই মন্তব্যের কারণে সমাজে কোনও অশান্তি বা ক্ষতির ঘটনা ঘটেনি। তাই শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই মামলা করা হয়েছে বলে দাবি প্রতিরক্ষা পক্ষের। আদালতের কাছে এফআইআর খারিজের আবেদনও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ভোট পরবর্তী সময়ে পরমব্রত চট্টোপাধ্যায়কে বারবার তৎকালীন শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়-এর ঘনিষ্ঠ হিসেবে দেখা গিয়েছিল। এমনকি বিভিন্ন প্রচার কর্মসূচিতেও তাঁর সক্রিয় উপস্থিতি নজরে আসে। তবে ২০২৬ সালের রাজনৈতিক পালাবদলের পর অভিনেতার সুরে এসেছে বড় পরিবর্তন। নিজেকে নির্দোষ দাবি করে পরমব্রত বলেন, “পরিবারের দিকে তাকিয়ে, নিজের শিশুর ভবিষ্যতের কথা ভেবে দাঁতে দাঁত চেপে অনেক কাজ করতে হয়েছে। পরিস্থিতির চাপে তৎকালীন শাসক দলের পাশে থাকতে বাধ্য হয়েছিলাম।”পরমব্রতের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল ও সোশ্যাল মিডিয়ায় নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

