Murshidabad News
Bengal Liberty : কাটমানি নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদে গ্রেফতার হলেন তৃণমূলের দুই প্রভাবশালী নেতা। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ তাঁদের গ্রেফতার করে। আজ, শুক্রবার তাঁদের বহরমপুর জেলা আদালতে পেশ করা হবে।

নজিরপুর থেকে বাশির মোল্লা গ্রেফতার (Murshidabad News)
ডোমকল থানার পুলিশ বৃহস্পতিবার রাতে নজিরপুর এলাকা থেকে বাশির মোল্লাকে গ্রেফতার করে। তিনি ডোমকল ব্লক কোর কমিটির সদস্য। এলাকায় তিনি প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। এর আগেও পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার দিনে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন বাশির। এবার তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে।

পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী ধৃত (Murshidabad News)
অন্য একটি ঘটনায় রাণীনগর থানার পুলিশ গ্রেফতার করেছে কুদ্দুস আলীকে। তিনি রাণীনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি। তাঁর বিরুদ্ধে সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। কিছুদিন আগে এই নিয়ে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তদন্তের জন্য তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

