CM Suvendu Adhikari
Bengal Liberty:
পরিবেশ রক্ষা এবং বৃক্ষরোপণ সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নলবনে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির উদ্বোধন হয় (Suvendu Adhikari)। রাজ্য পরিবেশ দফতরের উদ্যোগে বৃক্ষরোপণের মাধ্যমে ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’ অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী। আগামী বছরের ৩১শে মার্চ, ২০২৭ সালের মধ্যে রাজ্যজুড়ে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো এবং তা রক্ষণাবেক্ষণ করাই প্রধান লক্ষ্য। শিশুমনে ছোট থেকেই পরিবেশ চেতনা জাগাতে পাঠ্যসূচিতেও বদল আনা হবে। প্রাথমিক স্তরের সিলেবাস থেকেই বাধ্যতামূলক করা হবে সবুজায়ন ও বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয়টি।

রাজ্যজুড়ে এখন এক সবুজ অভিযান চলছে। সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিস (বিডিও), কলকাতা পুরসভা, থানা, স্কুল-কলেজ এবং পার্কসহ প্রায় ৪৫০ থেকে ৫০০টি নির্দিষ্ট স্থানে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি রাজ্যজুড়ে ৬ লক্ষ ফলের গাছ রোপণ করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

স্কুল সিলেবাসে পরিবেশের সংযোজন
ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তোলা এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা একান্ত কাম্য। সেই লক্ষ্যে প্রাথমিক স্কুলস্তরের পাঠ্যপুস্তকে পরিবেশ ও বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয় বাধ্যতামূলক করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ছাত্র-ছাত্রীদের মূল্যায়নের ক্ষেত্রেও পরিবেশ সচেতনতার বিষয়টিতে বিশেষভাবে জোর দেওয়া হবে। এছাড়া বিদ্যালয়গুলিতে সরকারি সাহায্যপ্রাপ্ত ‘ইকো ক্লাব’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ থেকে ২০শে জুলাই রাজ্যজুড়ে পালিত হবে অরণ্য সপ্তাহ। গাছ রক্ষণাবেক্ষণ এবং পরিবেশকে দূষণমুক্ত করতে বিশেষভাবে তৎপর মুখ্যমন্ত্রী। অতিরিক্ত গাছ কেটে ফেলা ও অরণ্য ধ্বংসের ফলে বহু প্রাণীকুল আজ বিলুপ্তির পথে। শুক্রবার, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে সবুজায়নের পথে নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার করলেন শুভেন্দু ।

