CM Suvendu Adhikari
Bengal Liberty, ১৫ জুন :
রাজ্যে পালাবদলের পর প্রথমবার কলকাতা পুরনিগমের সদর দফতরে পা রেখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী CM Suvendu Adhikari)। আসন্ন যোগ দিবসের প্রস্তুতির মঞ্চকে কাজে লাগিয়েই সোমবার তিনি স্পষ্ট করে দিলেন তাঁর সরকারের আগামী দিনের রূপরেখা। নবান্নে ডেকে পাঠানোর বদলে খোদ পুরসভায় এসে তিনি বুঝিয়ে দিলেন, তিলোত্তমাকে ব্রাত্য রেখে সমগ্র বাংলার সার্বিক উন্নয়ন আসলেই অলীক কল্পনা। এদিন মুখ্যমন্ত্রী পুরসভার জন্য অতিরিক্ত ৬০০ কোটি টাকা এবং কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পের অধীনে আরও প্রায় হাজার কোটি টাকার উন্নয়নের রূপরেখা তুলে ধরেন (CM Suvendu Adhikari)।

আর্থিক বরাদ্দের ডালি ও উন্নয়নের রূপরেখা (CM Suvendu Adhikari )
পুরসভার কাউন্সিলর, আধিকারিক ও প্রশাসকমণ্ডলীর সামনে এদিন আর্থিক সহায়তার এক বিরাট খসড়া তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সঠিক প্রস্তাব বা প্রজেক্ট রিপোর্ট জমা পড়লে চলতি অর্থবর্ষেই পুরসভাকে অতিরিক্ত উন্নয়নের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ করতে প্রস্তুত রাজ্য সরকার। শুধু তাই নয়, কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগ ‘অমৃত যোজনা’-য় ৫০০ কোটি এবং ‘নমামি গঙ্গে’ প্রকল্পে আরও ৫০০ কোটি টাকার কাজ করার বিপুল সুযোগ রয়েছে বলে তিনি স্মরণ করিয়ে দেন। পাশাপাশি, ‘স্বচ্ছ ভারত’ এবং ‘আরবান চ্যালেঞ্জ ফান্ড’-এর মাধ্যমেও পরিকাঠামোগত উন্নতির আশ্বাস দিয়েছেন তিনি। আত্মকেন্দ্রিকতার বদলে ‘আমি’ নয়, বরং ‘আমরা’ নীতিতে বিশ্বাসী হয়ে কলকাতাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তোলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গঙ্গা দূষণ ও প্রশাসনিক গাফিলতিতে কড়া বার্তা (CM Suvendu Adhikari )
পূর্বতন সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে রীতিমতো ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। গঙ্গার বেহাল দশা নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, প্রকৃতি বাংলাকে বিপুল জলরাশি ও নাব্যতা দিলেও, বিগত সরকার তা পরিচ্ছন্ন রাখার কোনও সদিচ্ছাই দেখায়নি। এমনকি দূষণ রোধে STP স্টেশন তৈরির জন্য প্রয়োজনীয় জমিও আগে বরাদ্দ করা হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “গঙ্গাজল ছাড়া পুজো হয় না, অথচ সেই গঙ্গাকেই পরিষ্কার করার সুযোগ আপনারা নিতে পারলেন না!” প্রশাসনিক গাফিলতির প্রসঙ্গ টেনে তিনি জানান, নির্বাচনী বিধিনিষেধের অজুহাতে বিগত সরকার পুরসভার জন্য এক পয়সাও বরাদ্দ করেনি এবং অর্থবর্ষের শুরুতে কোনও প্রজেক্ট রিপোর্টও জমা পড়েনি। এই অচলাবস্থা কাটাতে এবং দৃষ্টান্ত স্থাপন করতে আগামী বুধবার নিজেই গঙ্গার ঘাট পরিষ্কারে নামবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সদিচ্ছার অঙ্গীকার (CM Suvendu Adhikari )
কলকাতার নিজস্ব বিশাল পরিকাঠামো, কেএমডিএ, শক্তিশালী ইঞ্জিনিয়ারিং সেল, স্বাস্থ্য ও জল সরবরাহ ব্যবস্থা থাকা সত্ত্বেও, কেবল সদিচ্ছার অভাবেই যে উন্নয়ন থমকে ছিল, তা এদিন দ্বিধাহীন ভাষায় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “সব আছে। ইচ্ছা নেই। ইচ্ছা ছিল না।” স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষী এবং সত্যজিৎ রায় বা উত্তম কুমারের মতো দিকপালদের স্মৃতিবিজড়িত এই শহরের ঐতিহ্যকে বিগত সরকার বিন্দুমাত্র কাজে লাগাতে পারেনি বলে আক্ষেপ করেন তিনি। ভবানীপুর কেন্দ্রের জনপ্রতিনিধি হিসেবে নিজেকে ভাগ্যবান দাবি করে তিনি স্পষ্ট জানান, তাঁর সরকারের অন্যতম প্রধান লক্ষ্যই হলো এই শহরের হৃতগৌরব এবং সাংস্কৃতিক ঐতিহ্য সযত্নে ফিরিয়ে দেওয়া।


