UCC
Bengal Liberty:
আজ নবান্নে প্রথমবার সব দফতরের মন্ত্রীদের নিয়ে রিভিউ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (UCC)। রাজ্য বাজেট পেশের পর আগামী তিন মাসের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ নিয়েই মূলত এই বৈঠক হবে। ইতিমধ্যেই প্রতিটি দফতরকে তাদের আগামী তিন মাসের পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দুপুর ১২টার এই বৈঠকে দফতরভিত্তিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, আজ বৃহস্পতিবার দুপুর ৩টে থেকে রাজ্য মন্ত্রিসভার (ক্যাবিনেট) একটি বৈঠকও রয়েছে। নবান্ন সূত্রে খবর, সেখানে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বা অভিন্ন দেওয়ানি বিধির খসড়া নিয়ে আলোচনা হতে পারে। আইন দফতর ইতিমধ্যেই সেই প্রস্তুতি নিচ্ছে। খসড়ায় আদিবাসী বা মূলবাসীদের এই ইউসিসি-র আওতার বাইরে রাখার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, উত্তরাখণ্ড, গুজরাত ও অসমের মতো পশ্চিমবঙ্গেও নির্ধারিত প্রক্রিয়া মেনেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে।

ইউসিসি নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা
পরবর্তীকালে বিধানসভায় এ নিয়ে বিবৃতি দেওয়ার সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘‘আগামী ২ তারিখ ক্যাবিনেটে আমরা খসড়া আনব। উত্তরাখণ্ড, গুজরাত ও অসমের মডেল দেখেই এই বিল আনা হবে। তবে প্রাচীন জনজাতি ও মূলবাসীরা এর আওতার বাইরে থাকবেন।’’ তিনি আরও জানান, উত্তরাখণ্ড ও গুজরাতকে অনুসরণ করে একটি কমিটি গঠন করা হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই এই কমিটির চেয়ারপার্সন পদে থাকবেন। এছাড়া শিক্ষাবিদ, সামাজিক কর্মী এবং আইএএস অফিসারদের নিয়ে এটি একটি টাস্ক ফোর্স হিসেবে কাজ করবে৷ মোট ৯টি বিষয় খতিয়ে দেখবে এই কমিটি এবং তাদের চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ইউসিসি আনবই। আপনারা রঞ্জনা দেশাইয়ের কমিটির কাছে আপনাদের বক্তব্য জানাতে পারেন। আমাদের সংকল্প পত্র অনুযায়ী এই ইউসিসি বিল আনা হবে৷’’


