Nabanna
Bengal Liberty:
ক্লারিক্যাল ক্যাডারে পদোন্নতি (প্রমোশন) সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা মেটাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Nabanna)। বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তরের অডিট শাখা একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০১৯ সালের ২৪ জানুয়ারির পর ভুলবশত কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় অব্যাহতি (ছাড়) দিয়ে যাঁদের এলডিসি/এলডিএ বা ইউডিসি/ইউডিএ-সহ সমতুল্য পদে পদোন্নতি দেওয়া হয়েছিল, তাঁদের সেই পদোন্নতি বাতিল করা হবে না। বিশেষ বিবেচনায় তাঁদের পদোন্নতি বহাল থাকবে।

ক্লারিক্যাল পদোন্নতিতে নতুন নির্দেশ Nabanna
অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯ সালে কার্যকর হওয়া ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রুলস, ২০১৯’ (West Bengal Services Rules, 2019)-এর নিয়মানুসারে, ৫০ বছর বয়স পূর্ণ হলে কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় ছাড় পাওয়ার পুরোনো নিয়মটি বাতিল হয়ে যায়। কিন্তু সেই নিয়ম কার্যকর হওয়ার পরও বেশ কিছু ক্ষেত্রে ভুলবশত কর্মীদের পরীক্ষা ছাড়াই পদোন্নতি দেওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, ২৪ জানুয়ারি ২০১৯ থেকে ৮ জুলাই ২০২৬ পর্যন্ত যাঁরা এইভাবে পদোন্নতি পেয়েছেন, তাঁদের পদোন্নতি বহাল থাকলেও একটি শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্মীদের ‘নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট’ পরিচালিত নির্ধারিত কম্পিউটার পরীক্ষায় পাস করতে হবে।

পরীক্ষায় পাশ বাধ্যতামূলক
যতদিন না তাঁরা এই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন, ততদিন তাঁদের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত থাকবে। তবে পরীক্ষা পাস করার পর বকেয়া ইনক্রিমেন্ট ‘নোশনালি’ পুনর্বহাল করা হবে এবং পরীক্ষার ফল প্রকাশের দিন থেকে আর্থিক সুবিধা কার্যকর হবে। পাশাপাশি, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তাঁদের সিনিয়রিটি পুনর্নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, অবসরের আগে কোনো কর্মীর পরীক্ষায় বসার সুযোগ না থাকলে, বিশেষ ক্ষেত্রে অর্থ দপ্তরের কাছে অব্যাহতির আবেদন করা যাবে। তবে যাঁরা ইতিমধ্যেই অবসর নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে। তবে এই নির্দেশ জারি হওয়ার পর রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে বাস্তবে কতটা প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।

