Anubrata Mondal
Bengal Liberty
বীরভূমের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত(Anubrata Mondal) মিলছে। সূত্রের খবর, বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের উদ্যোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে চলেছেন অনুব্রত মণ্ডল। আগামী শনিবার কর্মসমিতির বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে তাঁকে বীরভূম জেলা সভাপতির দায়িত্ব দেওয়ার ঘোষণা করা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

অনুব্রত মণ্ডলকে ফোন(Anubrata Mondal)
সূত্রের দাবি, শুক্রবার বিধানসভা থেকে বিক্ষুব্ধ শিবিরের এক বিধায়ক অনুব্রত মণ্ডলকে ফোন করে জেলা সভাপতির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন। সেই প্রস্তাবে তিনি সম্মতি জানিয়েছেন বলেও জানা গিয়েছে। এর আগে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ এবং লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহ ওই শিবিরে যোগ দিয়েছিলেন। তাঁদের যোগদানের পর থেকেই বীরভূমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

শুক্রবার বিধানসভায় এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরই অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়ার বিষয়ে তাঁর সম্মতি চাওয়া হয় বলে সূত্রের খবর। ‘কেষ্ট’ মণ্ডল সেই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন বলেও জানা গিয়েছে।
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট শিবিরের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে শনিবারের কর্মসমিতির বৈঠক এবং পরবর্তী সাংবাদিক সম্মেলনের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।


