Amit Shah
Bengal Liberty : বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে ভিডিও তৈরি করতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘সারমেয়’ এবং ‘মিথ্যাবাদী’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠল এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে (Amit Shah)। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। বিজেপির অভিযোগের ভিত্তিতে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবতীকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ। অভিযুক্তের নাম মুসু ইয়াসমিন। তিনি মালদার চাঁচল থানার মোবারকপুর এলাকার বাসিন্দা এবং সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। ঘটনার পিছনে কোনও বৃহত্তর দেশবিরোধী চক্র কাজ করছে কি না, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছে গেরুয়া শিবির (Amit Shah)।

বাংলাদেশ সীমান্ত ইস্যুতে আপত্তিকর ভিডিও পোস্ট Amit Shah)
বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই ধৃত যুবতী জাতীয়তাবাদ বিরোধী বক্তব্য এবং বিতর্কিত ভিডিও পোস্ট করে আসছিলেন। সাম্প্রতিক ভিডিওতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ও অশালীন ভাষায় আক্রমণ করার পাশাপাশি তাঁকে ‘মিথ্যাবাদী’ বলেও মন্তব্য করা হয়। শুক্রবার বিজেপির পক্ষ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, এই ধরনের মন্তব্য শুধু একজন সাংবিধানিক পদাধিকারীকে অপমানই নয়, বরং তা জনমনে বিভ্রান্তি এবং উসকানি ছড়ানোর সামিল। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হলে চাঁচল থানার সামনে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁরা স্লোগান তুলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজেপি নেতৃত্বের দাবি, এই ধরনের বিতর্কিত ও দেশবিরোধী বক্তব্য কোনও ব্যক্তির একার চিন্তার ফল নাও হতে পারে। তাঁদের আশঙ্কা, এর পিছনে সংগঠিত কোনও দেশবিরোধী শক্তি বা প্ররোচনাকারী চক্র সক্রিয় থাকতে পারে। সেই কারণেই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে পুলিশের কাছে। পুলিশ সূত্রে খবর, যুবতীর সোশ্যাল মিডিয়া কার্যকলাপ, ভিডিওর উৎস এবং এর সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন :
UCC West Bengal : পশ্চিমবঙ্গে ইউসিসি চালুর পথে বড় পদক্ষেপ, ৯ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন

