Bengal Liberty:
ডিজিটাল যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। এবার সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির (স্কিল ডেভেলপমেন্ট) লক্ষ্যে নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য। প্রথাগত পড়াশোনার পাশাপাশি এবার স্কুলেই থাকবে ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’। চলতি মাসের ২২ তারিখের মধ্যে এই ল্যাব সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।

ডিজিটাল অর্থনীতির উপযোগী করে ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই বিশেষ উদ্যোগ। সরকারি স্কুলে এবার চালু হতে চলেছে ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য আনা এই বিশেষ প্রকল্পের মাধ্যমে প্রতি বছর প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে ডিজিটাল কনটেন্ট তৈরির আধুনিক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার।

এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে থাকা টেকনিক্যাল ও কম্পিউটার ল্যাবের বর্তমান পরিকাঠামো, যন্ত্রপাতি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। এ বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন জেলার জেলা বিদ্যালয় পরিদর্শকদের (DI) চিঠি পাঠিয়েছেন স্কুল শিক্ষা কমিশনার।
জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে গ্রাফিক্স, ভিএফএক্স (VFX), ভিডিও এডিটিং ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ একাধিক প্রযুক্তি-নির্ভর কোর্সের পাঠ দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের।
পরিকাঠামোগত নথি চাইল স্কুল শিক্ষা দফতর Digital Content Creator Lab
নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট স্কুলগুলিকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের আইসিটি (ICT) এবং কম্পিউটার ল্যাব সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য শিক্ষা দফতরে জমা দিতে হবে। সেই তথ্যের ভিত্তিতেই কোথায় কী ধরনের পরিকাঠামো প্রয়োজন, তার মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সরকারের দাবি, এই উদ্যোগের ফলে স্কুল স্তর থেকেই পড়ুয়ারা প্রযুক্তিনির্ভর সৃজনশীল শিক্ষার সঙ্গে পরিচিত হতে পারবে।
পাশাপাশি ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতো আধুনিক ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ পাবে তারা; যা ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
স্বাভাবিকভাবেই রাজ্য সরকার ও স্কুল শিক্ষা দফতরের এই যৌথ উদ্যোগে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে তুমুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনঃ ‘কালারফুল বয়’- এর ‘ঘর’ ওয়াপসি! কালীঘাট শিবিরে আচমকা মদন

