Derek O'Brien
Bengal Liberty: সর্বদলীয় বৈঠকে NCPI সাংসদরা কেন? এই প্রশ্ন তুলে বৈঠক থেকে সাময়িক ওয়াকআউট করলেন বিরোধী দলের নেতারা। এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আর সেই পোস্টটি শেয়ার করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন রসিকতার ছলে কটাক্ষ করে লিখেছেন, “ইউনাইটেড অপজিশন। বুম (United Opposition. BOOM)।”

জোট জল্পনার মাঝে এনডিএ ও NCPI-এর সমীকরণ নিয়ে বাড়ছে রাজনৈতিক জটিলতা (Derek O’Brien)
সোমবার থেকে লোকসভায় শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার প্রাক্কালে রবিবার প্রথা মেনে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। আর সেই বৈঠকেই আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূল ত্যাগী ২০ জন সাংসদকে নিয়ে গঠিত NCPI-কে। তা নিয়েই শুরু হয় মূল বিতর্ক ও অশান্তি।
United Opposition. BOOM. https://t.co/HIdylTH8Qp
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) July 19, 2026
এই ঘটনার প্রেক্ষিতে জয়রাম রমেশ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে মোদী সরকারকে নিশানা করে লেখেন:
বিরোধী দলগুলি সর্বদলীয় বৈঠক থেকে কয়েক মিনিটের জন্য ওয়াকআউট করে। এটি ছিল মোদী সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, যেখানে তারা NCPI-কে আমন্ত্রণ জানিয়েছে। এই দলটিকে আসলে ২০ জনেরও কম সাংসদ-সমর্থন থাকা ছোট ছোট দলগুলোর ‘পার্কিং প্লেস’ হিসেবেই ব্যবহার করা হচ্ছে।”

বৈঠক শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিআই, ডিএমকে, শিবসেনা -সহ ‘ইন্ডিয়া’ জোটের একাধিক দলের সাংসদেরা একযোগে বৈঠক কক্ষ ছেড়ে বেরিয়ে যান। বিরোধীদের মূল অভিযোগ—NCPI-কে এখনও আনুষ্ঠানিকভাবে পৃথক সংসদীয় দল হিসেবে লোকসভার স্পিকার চূড়ান্ত স্বীকৃতি দেননি। সেই পরিস্থিতিতে কোন যুক্তিতে তাদের সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হলো?
সংসদে NCPI-এর অবস্থান ঠিক কী, তা নিয়ে দিল্লির রাজনৈতিক অলিন্দে ক্রমশ উত্তাপ বাড়ছে। এর মধ্যেই শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে NCPI-এর অন্যতম শীর্ষ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ও আমন্ত্রণ ঘিরে এনডিএ (NDA) এবং NCPI-এর সম্পর্ক আরও জটিল সমীকরণের দিকে মোড় নিচ্ছে।
আরো পড়ুন:-
Kolkata Police: অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স

