Kolkata Traffic (High court)
Bangal Liberty:
রাজ্যের ৭৪টি সম্প্রদায়ের ওবিসি (OBC) স্বীকৃতি বাতিলের সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৭৪টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার এই সিদ্ধান্তে এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে এ বিষয়ে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করলে, তা আদালতের নজরে আনা যেতে পারে।

Kolkata Highcourt
উল্লেখ্য, গত ১৮ মে রাজ্য সরকার তিনটি বিজ্ঞপ্তি জারি করে ৭৪টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি ৭ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন মিজানুল কবীর। আবেদনকারীর দাবি, নীতি পরিবর্তনের কোনো গ্রহণযোগ্য কারণ দেখানো হয়নি। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ভর্তি ও নিয়োগ প্রক্রিয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছেন।
নতুন সরকারের নীতি পরিবর্তনের বৈধতা নিয়েও হতে পারে শুনানি Kolkata Highcourt

শুনানিতে আদালত জানায়, ২০১১ সালের পর জারি করা ওবিসি সার্টিফিকেট বাতিলের বিষয়ে হাইকোর্টের আগের রায়ের ওপর সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি। পাশাপাশি, ২০২৫ সালে ৭৪টি সম্প্রদায়কে নতুন করে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, হাইকোর্ট তা-ও খারিজ করেছিল। পরবর্তী সময়ে সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ মিললেও নতুন সরকার মামলাটি প্রত্যাহার করে নেওয়ায় তা আর বহাল নেই।
Kolkata Highcourt
বিচারপতি তপোব্রত চক্রবর্তী তাঁর পর্যবেক্ষণে বলেন, বর্তমান জনস্বার্থ মামলাটি এখনো ‘অপরিণত’। তাই এ পর্যায়ে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই। বিচারপতি রাজাশেখর মান্থাও জানান, পূর্ববর্তী রায় বহাল থাকায় আদালত তার পরিপন্থী অবস্থান নিতে পারে না। তবে নতুন সরকার আগের নীতি পরিবর্তন করতে পারে কি না, সেই আইনি প্রশ্নে শুনানি হতে পারে।
আদালত সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলাটির পরবর্তী শুনানি হবে ৬ সপ্তাহ পর।

আরও পড়ুনঃ টাকার বিনিময়ে স্বপ্ন বিক্রি! RRB,PSC এর ভুয়ো স্ট্যাম্প তৃণমূল নেতার বাড়িতে

