CM Suvendu Adhikari
Bengal Liberty : বারুইপুরের নৃশংস ঘটনাকে কেন্দ্র করে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। স্পষ্ট জানিয়ে দিলেন, এই মামলায় কাউকে রেয়াত করা হবে না, এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একইসঙ্গে ঘটনার পর রেললাইন উপড়ে ফেলা, ভাঙচুর ও হিংসার ঘটনাকে নিছক বিক্ষোভ মানতে নারাজ তিনি। এই ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। ২০১৯ সালের সিএএ বিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক ওয়াকফ আন্দোলনের সময়কার হিংসার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন, একই ধরনের কারসাজি ফের সক্রিয় হয়েছে। বিরোধীদের নাম না করেই তাঁদের ‘অতৃপ্ত আত্মা’ বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি হুঁশিয়ারি দেন, আইন ভাঙলে কাউকেই ছাড় দেওয়া হবে না (CM Suvendu Adhikari)।

পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari)
সোমবার কলকাতার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারুইপুর কাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং সরকার তাদের পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমি কালকেই ওর বাবার সঙ্গে কথা বলেছি। জঘন্যতম ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। তদন্তের মাঝপথে বিস্তারিত কিছু বলব না, তবে পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন এবং সরকারের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন, তা পাবেন। আমার উপর আস্থা রেখেছেন।” তিনি আরও জানান, ঘটনায় মোট চারটি মামলা দায়ের হয়েছে। তাঁর কথায়, “একটি জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও তিনটি মামলা হয়েছে।” তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করতে চান না বলেও স্পষ্ট করে দেন তিনি।

‘অতৃপ্ত আত্মাদের’ নিশানায় শুভেন্দু (CM Suvendu Adhikari)
ঘটনার পর প্রতিবাদের নামে রেললাইন উপড়ে ফেলা, ট্রেনে হামলা, পুলিশ ও নিরাপত্তাবাহিনীর উপর আক্রমণের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই ধরনের ঘটনার সঙ্গে অতীতের হিংসাত্মক আন্দোলনের মিল রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “রেললাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, তা দেখে আমাদের ২০১৯ সালের সিএএ বিরোধী আন্দোলন কিংবা কিছুদিন আগের ওয়াকফ সংশোধনী বিল বিরোধী হিংসাত্মক আন্দোলনের ইতিহাস মনে পড়ছে। হামলায় সিআরপিএফের দু’জন জওয়ান আহত হয়েছেন, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।”
একইসঙ্গে তিনি দাবি করেন, গণপিটুনির ঘটনার পিছনেও একটি নির্দিষ্ট ‘কমিউনাল অ্যাঙ্গেল’ বা সাম্প্রদায়িক ছক রয়েছে। যদিও তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। বিরোধীদের নাম না করেই তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ভোটে পরাজয়ের পর ঘরে ঢুকে থাকা “অতৃপ্ত আত্মারা” আবার সক্রিয় হয়ে উঠেছে। তাঁর অভিযোগ, তিনটি প্রধান বিরোধী শক্তি একজোট হয়ে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তবে সরকার সবকিছু নজরে রাখছে এবং আইন নিজের পথেই চলবে বলে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন :
Mamata Banerjee : বারুইপুর আবহে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, নজরদারিতে কালীঘাট?

