CM Suvendu Adhikari
Bengal Liberty: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আগামীকাল প্রথমবার মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই সফর ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে জল্পনা। বিশেষত রেজিনগরের মাটিতে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে বড় রাজনৈতিক বার্তার ইঙ্গিত মিলছে।

মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি (CM Suvendu Adhikari)
বিজেপি ও প্রশাসন সূত্রে খবর, শুক্রবার হেলিকপ্টারে কলকাতা থেকে বহরমপুরে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। তাঁর সফরের তিনটি প্রধান কর্মসূচি রয়েছে,
দুপুর ২টো থেকে সাড়ে ৩টে পর্যন্ত বহরমপুরের একটি বেসরকারি হোটেলে দলের সাংগঠনিক বৈঠক করবেন তিনি। উপস্থিত থাকবেন জেলা স্তরের নেতৃত্ব ও বিধায়করা।
বিকেল ৪টে পর্যন্ত বহরমপুর রবীন্দ্রসদনে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন।
প্রশাসনিক বৈঠক সেরে হেলিকপ্টারে তিনি রেজিনগরের তোকিপুর হাই মাদ্রাসা মাঠে বিজেপির ‘কার্যকর্তা সম্মেলনে’ যোগ দেবেন। দলীয় স্তরে সম্মেলন বলা হলেও, সেখানে জনসমাগম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

রাজনীতির কেন্দ্রে রেজিনগর (CM Suvendu Adhikari)
এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন জানান, রেজিনগরের মাটি থেকে আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে মুখ্যমন্ত্রী বড় বার্তা দিতে পারেন। বিশেষ করে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের মন্তব্যের প্রেক্ষিতে এবং আসন্ন ২০২৬ সালের নির্বাচনের লড়াইকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর এই সভা বিশেষ তাৎপর্যপূর্ণ।
মুর্শিদাবাদ জেলাশাসক আর. অর্জুন জানিয়েছেন, প্রশাসনিক বৈঠকের বিষয়টি চূড়ান্ত না হলেও সব রকম প্রস্তুতি রাখা হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেটাই দেখার অপেক্ষায় জেলাবাসী।
আরও পড়ুনঃ মমতার মন্তব্যের পাল্টায় কড়া বার্তা শুভেন্দুর, ‘দাঙ্গাকারীদের প্রতিবাদী বলা যায় না’

