Sudip Bandyopadhyay
Bengal Liberty
লোকসভায় ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’র (Sudip Bandyopadhyay) দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত হতে চলেছে। সূত্রের খবর, আগামী ১৯ জুলাই স্পিকার ওম বিড়লার সঙ্গে ২০ জন সাংসদের বৈঠকের পর এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। গত সোমবার সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

স্পিকারের বৈঠকের পরই চূড়ান্ত ঘোষণা
রাজ্য বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা ২০ জন বিদ্রোহী সাংসদ বর্তমানে এনসিপিআই-এর সদস্য। দলীয় সূত্রে জানা গিয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা, কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক (চিফ হুইপ) এবং শতাব্দী রায়কে উপ-দলনেতা (ডেপুটি লিডার) করা হতে পারে। ইতিমধ্যে সংসদ ভবনে তাঁদের জন্য একটি পৃথক কক্ষও বরাদ্দ করা হয়েছে।
আগামী ২০ জুলাই বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগে ১৯ জুলাই স্পিকারের সঙ্গে বৈঠকে তাঁদের সংসদীয় দলের স্বীকৃতি, আসন বিন্যাস এবং সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লোকসভায় পৃথক সংসদীয় ব্লক গঠনের ক্ষেত্রে আইনি জটিলতা এড়াতে গত মাসেই তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ নামের রাজনৈতিক দলটিতে যোগ দেন।

পরে কাকলি ঘোষ দস্তিদার জানান, তাঁরা এনডিএ (NDA) জোটের অংশ হিসেবে কাজ করলেও বিজেপিতে যোগ দিচ্ছেন না; লোকসভায় নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বজায় রাখবেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তুমুল চর্চা ও বিতর্ক শুরু হয়েছে।

