Lop vs CM
Bengal Liberty: জেলা প্রশাসনের আধিকারিকদের উদ্দেশে ফের ‘পাশে থাকার’ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনিক সূত্রে খবর, সোমবার মুখ্যসচিব মনোজ পন্থের ডাকা ভার্চুয়াল বৈঠকে কিছুক্ষণ যোগ দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, এসআইআর সংক্রান্ত কাজে ভয় বা আতঙ্কের প্রয়োজন নেই। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পাশে রয়েছে রাজ্য সরকার।
এই বৈঠকে মুখ্যমন্ত্রী কথোপকথনের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘‘সাপের গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে কমিশন’’। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী জেলাশাসকদের বলেছেন, “আমি সব জানি।আপনাদের চাকরি জীবনের অনেকটাই বাকি। বিবেক নিয়ে এসআইআরের কাজ করবেন। মনে রাখবেন, আপনারা রাজ্যের কর্মচারী। ওরা চলে যাবে, আমরা থাকব… হুমকি দিলে ভয় পাবেন না, বিডিওদের বলবেন।”
প্রসঙ্গত, গত শুক্রবার অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তকে রাজ্যের বিশেষ রোল-পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে কমিশন। একইসঙ্গে রাজ্যের আরও ১২ জন আইএএসকে জেলাভিত্তিক পর্যবেক্ষক করা হয়েছে। ইচ্ছাকৃত ত্রুটি প্রমাণ হলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও আগেই বার্তা দিয়েছিলেন সিইও।
