বিশ্ব বক্স অফিসে ভারত ও জাপানের ছবির তুমুল সাফল্য! কত আয় করল ‘রামায়ণ’ ও ‘গডজিলা মাইনাস ওয়ান’?
বিশ্ব বক্স অফিসে ভারত ও জাপানের ছবির তুমুল সাফল্য! কত আয় করল ‘রামায়ণ’ ও ‘গডজিলা মাইনাস ওয়ান’?

বিশ্ব বক্স অফিসে ভারত ও জাপানের ছবির তুমুল সাফল্য! কত আয় করল ‘রামায়ণ’ ও ‘গডজিলা মাইনাস ওয়ান’?

Bengal Liberty : মার্কিন মুলুক-সহ বিশ্বের বক্স অফিসে এখন রমরমিয়ে ব্যবসা করছে ভারতের মহাকাব্যনির্ভর ছবি ‘রামায়ণ’ এবং জাপানের জনপ্রিয় মনস্টার ভার্সের ছবি ‘গডজিলা মাইনাস ওয়ান’। ৫ ও ৬ নভেম্বর পরপর দু’দিনে দুটি ভিন্নধর্মী ছবি মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত আয়ের নিরিখে ‘গডজিলা মাইনাস ওয়ান’ ‘রামায়ণ’-এর থেকে এগিয়ে থাকলেও পাল্লা দিয়ে টক্কর দিচ্ছে ভারতীয় ছবিটিও।

বক্স অফিসের হিসাব অনুযায়ী, তাকাশি ইয়ামাজাকির পরিচালনায় তৈরি ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর বাজেট ‘রামায়ণ’-এর অর্ধেকেরও কম। তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জার্মানি-সহ বিভিন্ন দেশে ছবিটি প্রায় ৬৩ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকার সমান। ছবির এই সাফল্যে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। তাঁদের একাংশের ধারণা, আগামী দিনে বক্স অফিসে ছবিটির আয় আরও বাড়তে পারে।

অন্যদিকে, একাধিক বিষয় নিয়ে সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও ভারতীয় বক্স অফিসে প্রায় ৬৬০ কোটি টাকার ব্যবসা করে ইতিমধ্যেই ‘পুষ্পা ২’ ও ‘জওয়ান’-এর মতো ছবিকে পিছনে ফেলে দিয়েছে ‘রামায়ণ’। বিশ্ব বক্স অফিসেও ছবিটি উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। এখনও পর্যন্ত ২৫ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে রণবীর-যশ অভিনীত এই ছবি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা।

সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট, ছবির বিষয়বস্তু ও নির্মাণ ভালো হলে ভাষা কিংবা ভৌগোলিক সীমারেখা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় না। অতীতেও বিদেশের মাটিতে ভারতীয় ছবির সাফল্যের একাধিক নজির সামনে এসেছে। তবে সেই সাফল্যের বড় অংশই চীনের বাজারকে কেন্দ্র করে ছিল। ‘রামায়ণ’ এবং ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর ব্যবসা সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

এখন দেখার, আগামী দিনে বক্স অফিসে এই দুই ছবির আয় কোথায় গিয়ে পৌঁছয়। পাশাপাশি, বিশ্ববাজারে এই সাফল্যের নজির ভবিষ্যতে আর কোন কোন ছবি ছুঁতে পারে, তা নিয়েও ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে সিনেপ্রেমীদের মধ্যে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।