৩৩ কেজি ওজনের পোশাকে রাবণের চরিত্রে যশ! শুধু মুকুটের ওজনই ১.৮ কেজি, প্রকাশ্যে এল ‘রামায়ণ’-এর অজানা তথ্য!
৩৩ কেজি ওজনের পোশাকে রাবণের চরিত্রে যশ! শুধু মুকুটের ওজনই ১.৮ কেজি, প্রকাশ্যে এল ‘রামায়ণ’-এর অজানা তথ্য!

৩৩ কেজি ওজনের পোশাকে রাবণের চরিত্রে যশ! শুধু মুকুটের ওজনই ১.৮ কেজি, প্রকাশ্যে এল ‘রামায়ণ’-এর অজানা তথ্য!

Bengal Liberty : বড় পর্দায় রাবণের চরিত্রকে জীবন্ত করে তুলতে কোনও খামতি রাখতে চাননি পরিচালক নীতেশ তিওয়ারি। আর সেই চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার যশ। ইতিমধ্যেই ‘রামায়ণ’-এ যশের রাবণ লুক দর্শকদের মধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে এবার প্রকাশ্যে এল অভিনেতার সেই রাজকীয় সাজসজ্জার নেপথ্যের এক চমকপ্রদ তথ্য। রাবণের চরিত্রে অভিনয় করার সময় যশের পোশাকের সর্বোচ্চ ওজন ছিল প্রায় ৩৩ কেজি! এমনকী, তাঁর মাথার মুকুটটির ওজনই ছিল ১.৮ কেজি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘রামায়ণ’-এর কস্টিউম ডিজাইনার তথা স্টাইলিস্ট সানিয়া সারধারিয়া এই তথ্য প্রকাশ্যে এনেছেন। তাঁর কথায়, যশের অধিকাংশ পোশাক এবং গয়নার সম্মিলিত ওজন ছিল ১৬ থেকে ২০ কেজির মধ্যে। তবে লঙ্কার রাজা রাবণের বিশেষ কিছু পোশাকের ক্ষেত্রে সেই ওজন পৌঁছে যেত ৩০ থেকে ৩৩ কেজিতে। রাবণের লঙ্কার রাজকীয় সাজ, তাঁর বিবাহের পোশাক এবং শূর্পণখার বিবাহ উপলক্ষে ব্যবহৃত পোশাকগুলির ওজন ছিল সবচেয়ে বেশি।

মুকুট তৈরি করতেই একাধিকবার পরীক্ষা

সানিয়ার কথায়, গোটা সাজসজ্জার মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল রাবণের মুকুট তৈরি করতে গিয়ে। মাথায় এতটা ওজন নিয়ে দীর্ঘক্ষণ শুটিং করা যে কোনও অভিনেতার কাছেই যথেষ্ট কঠিন। তাই মুকুটের নকশা ঠিক রেখে কীভাবে তার ওজন কমানো যায়, তা নিয়ে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। এমনকী, বেশ কয়েকটি থ্রিডি মডেলও তৈরি করা হয়েছিল। কিন্তু সমস্ত প্রচেষ্টার পরেও মুকুটটির ওজন ১.৮ কেজির নীচে নামানো সম্ভব হয়নি।

শুটিংয়ের মাঝেই পোশাক খুলে বিশ্রাম নিতে হত যশকে

শুধু মুকুট নয়, বুকের বর্ম এবং কাঁধের উপর থাকা ভারী কাঠামোর কারণেও শুটিংয়ের সময় সমস্যায় পড়তে হত অভিনেতাকে। মাথা ঘোরানো থেকে শুরু করে হাত নাড়ানো, প্রতিটি স্বাভাবিক অঙ্গভঙ্গি করতেও যথেষ্ট অসুবিধা হত। তাই শুটিংয়ের একাধিক দৃশ্যের মাঝে যশকে পোশাকের কিছু অংশ খুলে বিশ্রাম নিতে হত। বিশেষ করে দীর্ঘক্ষণ একই পোশাকে একাধিকবার শট দেওয়াটা ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং।

Yash
Yash

উল্লেখ্য, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাই পল্লবী অভিনয় করছেন। অন্যদিকে, রাবণের ভূমিকায় রয়েছেন যশ এবং লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে। ছবির প্রথম পর্ব ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এবার দর্শকদের নজর ছবির পরবর্তী পর্বের দিকে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।