Bengal Liberty : বৃহস্পতিবার, ৫ নভেম্বর দেশ তথা বিশ্বজুড়ে বিপুল সংখ্যক পর্দায় মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও যশ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। মুক্তির সঙ্গে সঙ্গেই একের পর এক কৃতিত্ব নিজেদের নামে করেছে সদ্য মুক্তি পাওয়া ‘রামায়ণ’। মাত্র দু’দিনের মধ্যেই ২০০ কোটি টাকার ব্যবসা করার পর চার দিনের মাথাতেই ছবির আয় পৌঁছে গিয়েছে ৫০০ কোটি টাকায়।
ছবির ভিএফএক্স, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবের অভিনয় নিয়ে প্রশংসা শোনা যাচ্ছে। প্রভু রামচন্দ্রের ভূমিকায় রণবীর কাপুরকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ধীরে ধীরে তা ইতিবাচক দিকেই এগোচ্ছে। পাশাপাশি, ছবির শেষ ভাগে রাবণ বনাম জটায়ুর লড়াই ছবির মাত্রাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সবশেষে হনুমানের ভূমিকায় সানি দেওলও আলাদা মাত্রা যোগ করেছেন। মেঘনাদের চরিত্রে রাঘব জুয়ালের উপস্থিতিও বাড়তি পাওনা, তা বলাই বাহুল্য।

এত প্রশংসার পরেও বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ‘রামায়ণ’-এর। অনেকেরই অভিযোগ, ছবিতে রামের তুলনায় রাবণের চরিত্রের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকী, ছবির একাধিক দৃশ্যে রাক্ষস বনাম ভগবানের লড়াইয়ে ভগবানের চরিত্রায়ণ অনেকটাই খলনায়কসুলভ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর পাশাপাশি অনেকের প্রশ্ন, ‘রামায়ণ’ দেখলাম, নাকি ‘রাভায়ান’ দেখলাম—ঠিক বোঝা গেল না!
আরও খবর
ছবির শুরুতেই রাবণের প্রাসাদ, লঙ্কাকে নিজের মুঠোয় নেওয়া থেকে শুরু করে রাবণের দশ মাথার নেপথ্যের তথ্য দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি, রাবণের চরিত্রে বেশ কিছু অতিরিক্ত সংলাপ ও দৃশ্য রাখা হয়েছে, যাতে তাঁকে বিশেষভাবে দর্শকদের সামনে নতুনভাবে প্রতিষ্ঠা করা যায়।
‘আদিপুরুষ’-এর মতো চলচ্চিত্রেও রাবণকে কখনও অ্যান্টি-হিরো হিসেবে দেখানো হয়নি। আর সেখান থেকেই শুরু হয়েছে বিতর্কের সূত্রপাত। আগামী দিনে কি ছবির আয় ধীরে ধীরে কমে যাবে? নাকি সমস্ত বিতর্ককে দূরে সরিয়ে রেকর্ড ব্যবসার দিকে এগিয়ে যাবে ‘রামায়ণ’? এই নিয়েই এখন দ্বিধাবিভক্ত দর্শকমহল।


