100 Days Work
Bengal Liberty:
দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব ছিল তৃণমূল (100 Days Work)। শ্রমিকদের বকেয়া মজুরি আটকে রাখা থেকে শুরু করে বাংলার প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আন্দোলনও হয়েছিল। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই পরিস্থিতিতে এক বড় পরিবর্তনের ছবি সামনে এল।

কেন্দ্রের নতুন বরাদ্দে গ্রামীণ কর্মসংস্থান
রবিবার কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ‘ভিবি-জি-রাম-জি’ (VB-G-RAM-G) প্রকল্পের প্রথম কিস্তির অর্থ বরাদ্দ ঘোষণা করেন। এর মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ১,২৬৪.৪৯ কোটি টাকা, যা রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর এই প্রকল্পে প্রথম কেন্দ্রীয় বরাদ্দ। একই সঙ্গে কেন্দ্রের পক্ষ থেকে শ্রমিকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ন্যূনতম মজুরি প্রদান এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এই দফায় দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ২৫,৮৬৩ কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে উত্তরপ্রদেশ—৩,২১০.৭৬ কোটি টাকা।
উল্লেখ্য, গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে চালু হওয়া ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প’ (মনরেগা)-র নাম পরিবর্তন করে পরবর্তীতে VB-G-RAM-G করা হয় এবং কর্মদিবস ১০০ থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। তৃণমূল সরকারের আমলে এই প্রকল্পের অর্থ বরাদ্দকে ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত বারবার প্রকাশ্যে এসেছিল। বর্তমান পরিস্থিতিতে প্রথম কিস্তির এই অর্থ বরাদ্দকে কেন্দ্র-রাজ্য সম্পর্কের এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

