Abhishek Banerjee
Bengal Liberty:
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে নিরাপত্তারক্ষীদের বিপজ্জনকভাবে ঝুলে থাকার অভিযোগে দায়ের হওয়া মোটরযান আইন লঙ্ঘনের মামলায় নতুন মোড় (Abhishek Banerjee)। কালীঘাট থানার চাওয়া নথির একটি অংশ রবিবার পুলিশের হাতে জমা পড়লেও, তদন্তের জন্য প্রয়োজনীয় সব তথ্য মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর। ফলে বাকি তথ্য সংগ্রহের জন্য ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

জমা পড়া নথিতে মেলেনি সব তথ্য
কয়েক দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের একটি ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, চলন্ত গাড়ির দু’পাশে দরজার বাইরে বিপজ্জনকভাবে ঝুলে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। সেই দৃশ্য সামনে আসতেই প্রশ্ন ওঠে, এই ধরনের যাতায়াত মোটরযান আইন অনুযায়ী আদৌ বৈধ কি না। অভিযোগ, এভাবে চলন্ত গাড়িতে ঝুলে থাকায় নিরাপত্তারক্ষীদের জীবন যেমন ঝুঁকির মুখে পড়ে, তেমনই রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে।
এই ঘটনাকে কেন্দ্র করেই কালীঘাট থানায় মোটরযান আইন ভঙ্গের অভিযোগে মামলা রুজু হয়। তদন্তের স্বার্থে গাড়ি-সংক্রান্ত একাধিক নথি ও তথ্য চেয়ে তৃণমূল সাংসদকে নোটিস পাঠিয়েছিল পুলিশ। রবিবার সেই নথির একটি অংশ জমা পড়লেও তদন্তকারীদের দাবি, চাওয়া সমস্ত তথ্য এখনও মেলেনি। তাই তদন্ত এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় বাকি নথি চেয়ে ফের নোটিস পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ইতিমধ্যেই তদন্তকারীরা জমা পড়া নথি খতিয়ে দেখছেন। প্রয়োজনীয় তথ্য হাতে এলে পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

