Mini Firoz
Bengal Liberty: ফের কলকাতা পুলিশের জালে ধরা পড়ল গুলশন কলোনির কুখ্যাত দুষ্কৃতী মিনি ফিরোজ ওরফে মহম্মদ ফিরোজ খান। বৃহস্পতিবার ডানকুনি টোলপ্লাজা এলাকা থেকে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা (ARS) তাকে গ্রেফতার করে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে মহম্মদ সাজিদকেও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জুন তপসিয়া থানায় দায়ের হওয়া একটি অস্ত্র আইনের মামলায় (তপসিয়া থানা মামলা নং ১১২/২০২৬) এই দু’জনের জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই মামলার তদন্তে নেমেই ডানকুনি টোলপ্লাজা থেকে তাদের পাকড়াও করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫(১)(এ) ও ২৯ ধারায় মামলা রুজু রয়েছে।
পুলিশের দাবি, মিনি ফিরোজের বিরুদ্ধে খুন, তোলাবাজি ও অস্ত্র আইনসহ একাধিক গুরুতর অভিযোগে মোট ৩৭টি ফৌজদারি মামলা নথিভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরেই সে পুলিশের নজরে ছিল। তদন্তকারীদের মতে, এই গ্রেফতারির ফলে তপসিয়া এলাকার অস্ত্র মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

ধৃত দুই অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। পাশাপাশি, এই মামলায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

