Shama Prasad Mukherjee
Bengal Liberty:
আগামী সোমবার, ৬ জুলাই পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Shama Prasad Mukherjee)। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি রাজ্যে পালিত হবে। বিজেপির দাবি, এই প্রথম সরকারি মর্যাদায় ও বিশেষ আড়ম্বরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপিত হতে চলেছে। তাই গোটা রাজ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কলকাতার ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনেও বিশেষ প্রস্তুতি চলছে। ১৯০১ সালে এই স্কুলেই ভর্তি হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ১৯১৭ সালে এখান থেকেই স্কলারশিপ-সহ ম্যাট্রিক পাশ করেন। অমিত শাহের সম্ভাব্য সফরকে সামনে রেখে স্কুল চত্বরের সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রংয়ের কাজ প্রায় শেষ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে।

শ্যামাপ্রসাদের স্মরণে একাধিক কর্মসূচি
অন্যদিকে, বিজেপির রাজ্য কার্যালয় ৬ নম্বর মুরলিধর লেনও আলো ও ফুলে সাজিয়ে তোলা হচ্ছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের পর ১২৫ জন মহিলাকে নিয়ে শঙ্খধ্বনির মাধ্যমে মুরলিধর লেন থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটি বিশেষ শোভাযাত্রা বের হবে। পাশাপাশি, ১২৫ জন প্রবীণ দলীয় কর্মী ও মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর ‘পশ্চিমবঙ্গ দিবস’ ও ‘আন্তর্জাতিক যোগ দিবস’-এর পর, বিগত কয়েক সপ্তাহের মধ্যে এটি কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের টানা তৃতীয় বড় উপস্থিতি হতে চলেছে। সোমবার কলকাতায় এসে অমিত শাহ প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে যাবেন এবং পরে মূল অনুষ্ঠানে যোগ দেবেন। মিত্র ইনস্টিটিউশনের মতো প্রতিষ্ঠান যেখান থেকে সোমনাথ চট্টোপাধ্যায় বা সিদ্ধার্থশঙ্কর রায়ের মতো দিকপাল রাজনৈতিক ব্যক্তিত্বরা উঠে এসেছেন, সেখানে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উদযাপিত হতে চলেছে।
এছাড়াও নিউটাউনের ইকো পার্কে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে। সব মিলিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে তুলতে রাজ্যজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিজেপি।

