Kolkata Municipal Corporation
Bengal Liberty: কলকাতা পুরসভার প্রায় দুই হাজার ঠিকাদারের পাওনা দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে রয়েছে। অভিযোগ, গত তিন বছরে পুরসভার বিভিন্ন বিভাগের মিলিয়ে ঠিকাদারদের প্রায় ৪,০০০ কোটি টাকা পরিশোধ করা হয়নি। এর জেরে ঠিকাদার মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঠিকাদারদের দাবি, আগের তৃণমূল সরকারের আমলে ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হলেও তার বিপরীতে মাত্র ১০ থেকে ১২ শতাংশ বিল মেটানো হয়েছিল। সেই বকেয়ার পাশাপাশি পুরসভার অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের বিপুল অঙ্কের পাওনাও এখনও পরিশোধ করা হয়নি। সরকার পরিবর্তনের পর আশ্বাস দেওয়া হয়েছিল, অডিট প্রক্রিয়া শেষ করে ১০ জুনের পর থেকে ধাপে ধাপে বকেয়া মিটিয়ে দেওয়া হবে। কিন্তু জুলাই মাস শুরু হলেও এখনও পর্যন্ত কোনও ঠিকাদার এক টাকাও পাননি বলে অভিযোগ।
এদিকে, অর্থপ্রাপ্তি না হলেও পুরসভার বিভিন্ন বিভাগে নতুন নতুন উন্নয়নমূলক প্রকল্পের ফাইল তৈরি হচ্ছে। পুজোর আগে রাস্তা সংস্কার, আলোকসজ্জা, রং করা থেকে শুরু করে বস্তি উন্নয়ন— একের পর এক প্রকল্পের প্রস্তাব জমা পড়ছে। তবে দীর্ঘদিনের বকেয়া না মেটায় বহু ঠিকাদার নতুন কাজ শুরু করতে অনীহা প্রকাশ করছেন।

অন্যদিকে, পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় একটি প্রকল্পে রাজ্য সরকারের ৪০ শতাংশ ম্যাচিং গ্রান্ট না মেলায় প্রায় ৩৬০ কোটি টাকা কেন্দ্রকে ফেরত দিতে হয়েছে। এর ফলে দক্ষিণ কলকাতার চার থেকে পাঁচটি বরো এলাকায় প্রায় ৬০ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ থমকে রয়েছে। দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় বহু রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে।
দীর্ঘদিনের বকেয়া দ্রুত পরিশোধ এবং উন্নয়নমূলক প্রকল্পে গতি ফেরানোর দাবিতে এখন সরব কলকাতা পুরসভার ঠিকাদাররা।

