Digha Tourist
Bengal Liberty:
সোমবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই দীর্ঘ ছুটির সুযোগে দিঘা, তাজপুর ও মন্দারমণিতে উপচে পড়েছে পর্যটকদের ভিড় (Digha Tourist)। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কতা। দিঘা মোহনা উপকূল পুলিশের পক্ষ থেকে মাইকিং করে পর্যটক, স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের সমুদ্র থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, আগামী তিনদিন কাউকেই সমুদ্রে নেমে স্নান করতে দেওয়া হবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকতে মোতায়েন রয়েছে নুলিয়া ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

মৎসজীবিদের উপর নিষেধাজ্ঞা Digha Tourist
সমুদ্রস্নানের সুযোগ না পেয়ে অনেক পর্যটক হতাশ হলেও, নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে উত্তাল সমুদ্রের বিশাল ঢেউ ও প্রকৃতির রুদ্র সৌন্দর্য উপভোগ করছেন তাঁরা। সমুদ্র অত্যন্ত উত্তাল থাকায় মৎস্যজীবীদের ইতিমধ্যেই অবিলম্বে পাড়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে কোনও ট্রলারকে সমুদ্রে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। আগামী ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের ওপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে। উপকূল এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যার গতিবেগ সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

