Indigo flight cancellation
Bengal Liberty: টানা তিন দিন ধরে বিপর্যস্ত ইন্ডিগোর (IndiGo) বিমান পরিষেবা। শুক্রবার ওই বিমানসংস্থার তরফে সাতশোরও বেশি বিমান বাতিল করা হয়েছে। রাত ১২-টা পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে উড়বে না ইন্ডিগোর কোনও বিমান। এমনটাই জানানো হয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। অন্য দিকে, জাতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চেন্নাই বিমানববন্দর থেকেও ইন্ডিগোর কোনও বিমান ছাড়বে না।
ইন্ডিগোর (IndiGo) জন্য দেশজুড়ে ভোগান্তি
বৃহস্পতিবার, একদিনেই মোট ৫৫০টিরও বেশি বিমান বাতিল করে ইন্ডিগো। সংস্থার ২০ বছরের ইতিহাসে যা সর্বাধিক। চলতি সপ্তাহে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই-সহ একাধিক শহরে বাতিল করা হচ্ছে শতাধিক ফ্লাইট। বর্তমান অব্যবস্থার জন্য বৃহস্পতিবার রাতে যাত্রীদের কাছে আরও একবার ক্ষমাও চেয়ে নেয় তারা। তবে তাতে যাত্রীদের ভোগান্তি কমেনি। বরং বৃহস্পতিবার সারা দিনে দেশের বিভিন্ন বিমানবন্দরে সার্বিক অব্যবস্থাপনার ছবি লক্ষ করা গিয়েছে। ইন্ডিগোর যাত্রীদের অভিযোগ, যথাযথ খাবার এবং আশ্রয় ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন তারা। কিন্তু সঠিক কোন সময়ে নির্দিষ্ট গন্তব্যের বিমান ছাড়বে, তা বিমানসংস্থার তরফে স্পষ্ট করে জানানো হচ্ছে না।

হায়দরাবাদ থেকে কলকাতা, দিল্লি থেকে মুম্বই— দেশের বিভিন্ন বিমানবন্দরের টার্মিনালে যাত্রীদের একের পর এক ব্যাগপত্র, স্যুটকেস জমা হচ্ছে। অনেক যাত্রীই কার্যত বাধ্য হয়ে টার্মিনালের মেঝেয় শুয়েই রাত কাটাচ্ছেন। অনেকে খাবার এবং পানীয় জল না-পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। বিমানসংস্থার বিরুদ্ধে স্লোগানও উঠেছে বিভিন্ন বিমানবন্দরে।
