Jahangir Khan
Bengal Liberty:
দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান এবং তাঁর স্ত্রীর নামে বিপুল সম্পত্তির হদিস পেয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, তল্লাশিতে দম্পতির নামে থাকা অন্তত ৬০টি স্থাবর সম্পত্তির আসল দলিল উদ্ধার হয়েছে (Jahangir Khan)। এই সম্পত্তিগুলির উৎস এবং আর্থিক লেনদেনের বৈধতা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

অভিযোগ, ২০১৩ সালের পর থেকে জাহাঙ্গির খানের রাজনৈতিক প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁর সম্পত্তির পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁর স্ত্রী পুষ্পা ফলতার বেলসিংহা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। পরে তিনি ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হন।
‘পুষ্পা’র ডেরায় ৬০টি দলিল!
তদন্তকারী সূত্রের দাবি, সম্পত্তির অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ তুলে আগেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার এবং ইডির কাছে জাহাঙ্গির খানের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ জমা পড়েছিল।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নথির মধ্যে বিপুল পরিমাণ জমি, বিলাসবহুল বাড়ি এবং ফ্ল্যাটের দলিল রয়েছে। অল্প সময়ে কীভাবে এই সম্পত্তি অর্জিত হয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সম্পত্তি কেনার অর্থের উৎস, দলিলে উল্লেখিত মূল্য এবং প্রকৃত লেনদেনের অঙ্কের মধ্যে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।
উল্লেখ্য, তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক গুরুতর অভিযোগে বর্তমানে জাহাঙ্গির খান জেল হেফাজতে রয়েছেন। অন্যদিকে, স্বামীর মুক্তির দাবিতে থানায় গিয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালানোর অভিযোগে তাঁর স্ত্রী রেজিনা ওরফে সারিকা বিবিকেও গ্রেফতার করেছিল ডায়মন্ড হারবার জেলা পুলিশ।


