Rahul Dravid
Bengal Liberty
ব্র্যান্ডন ম্যাকালামের অধ্যায় শেষ(Rahul Dravid) হওয়ার পর বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) সপ্তম স্থানে রয়েছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের জনক হয়েও বিশ্বমঞ্চে ইংল্যান্ড দল এখন খুব একটা ভালো অবস্থানে নেই। আর সেই কারণেই শোনা যাচ্ছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ভারতের প্রাক্তন অধিনায়ক ও সফল কোচ ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়কে তাদের দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করতে চাইছে।


রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন ভারত দীর্ঘ ১১ বছরের ট্রফির খরা কাটিয়ে আবারও আইসিসি ট্রফি (টি-২০ বিশ্বকাপ) জিতেছিল। এর পাশাপাশি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও ভারত অসাধারণ খেলে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল। দ্রাবিড়ের এই দুর্দান্ত ট্র্যাক রেকর্ডের কারণেই ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা তাঁর হাতে দলের ব্যাটন তুলে দিতে বিশেষভাবে আগ্রহী।
তবে সূত্রের খবর, দ্রাবিড় সম্ভবত পূর্ণকালীন প্রধান কোচের দায়িত্ব নিতে চান না। তিনি শুধুমাত্র টেস্ট ক্রিকেটের পরামর্শদাতা হিসেবে ইংলিশ দলের সঙ্গে যুক্ত হতে পারেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
কোচের তালিকায় আরও একাধিক নাম(Rahul Dravid)
দ্রাবিড় ছাড়াও ইংল্যান্ডের পছন্দের তালিকায় রয়েছেন তাদেরই প্রাক্তন সফল কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের অন্যতম সফল কোচ তিনি। ফ্লাওয়ারের অধীনে ইংল্যান্ড তিনটি অ্যাশেজ সিরিজ জিতেছিল এবং টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পৌঁছেছিল। বর্তমানে তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।


তাই ইংল্যান্ডের কোচের হটসিটে তাঁকে পুনরায় দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। দ্রাবিড় ও ফ্লাওয়ার ছাড়াও এই তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, প্রাক্তন স্পিনার রিচার্ড ডসন, প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ, নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসন এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার।
বিদেশি দলে ভারতীয় কোচ(Rahul Dravid)
এর আগেও বহু বিদেশি ক্রিকেট দলে ভারতীয় কোচেরা অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করেছেন। যেমন—২০০৩ বিশ্বকাপে কেনিয়া দলের কোচ ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল। তাঁর কোচিংয়েই তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে গড়া আফ্রিকার এই ছোট দেশটি ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে ইতিহাস গড়েছিল।
এ ছাড়াও অস্ট্রেলিয়া দলের স্পিন বোলিং কোচ হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম।
তাই রাহুল দ্রাবিড় যদি শেষ পর্যন্ত ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত হন, তবে ভারতকে হারানোর ‘গুরুমন্ত্র’ তিনি ইংলিশ ড্রেসিংরুমে ফাঁস করে দেবেন কি না—তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন জোর আলোচনা চলছে।

