CDTI theft case
Bengal Liberty: কলকাতার বেনিয়াপুকুরে অবস্থিত সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউটে (সিডিটিআই) এসির তার চুরির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কোনো এক সময়ে এই চুরির ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইনস্টিটিউটের তিনটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তার চুরি হয়ে যায়। শুক্রবার প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল বেনিয়াপুকুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ মিঠুন মল্লিক এবং মহম্মদ সমীর নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

শনিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৯ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

